ইংলিশ লিগের মান এত নিচে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোয়ার্টার ফাইনালে তবু ইংল্যান্ডের একটা ক্লাব ছিল। কিন্তু শেষ চারেই ইংলিশ ক্লাব-শূন্য হয়ে পড়ে এবারের চ্যাম্পিয়নস লিগ। থাকবে কী করে? ইংলিশ প্রিমিয়ার লিগের মানই যে ভালো নয়! কথাটি বলেছেন ইংল্যান্ডেরই সাবেক ফুটবলার ফিল নেভিল।
সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচটি সান্তিয়াগো বার্নাব্যুতে বসে দেখেছেন নেভিল। এই ম্যাচ দেখার পর তাঁর মনে হয়েছে রিয়াল যে মানের ফুটবল খেলেছে, সেই মানের খেলোয়াড় প্রিমিয়ার লিগে আসলে নেই, ‘আমি রিয়ালকে এমন একটি পর্যায়ের খেলা খেলতে দেখেছি, প্রিমিয়ার লিগে এর ধারেকাছেও কেউ আছে বলে মনে হয় না আমার।’
নেভিলের ধারণা, রিয়ালের একাদশে জায়গা পাওয়ার মতো ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লিগে একজনই আছেন, ‘আমাদের কোনো দলের সেমিফাইনালে না থাকায় বিস্ময়ের কিছু নেই। আমি রিয়াল মাদ্রিদকে দেখলাম আর ভাবলাম প্রিমিয়ার লিগ থেকে এই দলে কজন খেলোয়াড় জায়গা পেতে পারে? আমার মনে হয়েছে হয়তো একজন—কেইলর নাভাস যেহেতু ফর্মের তুঙ্গে নেই, তাই গোলরক্ষক হিসেবে ডেভিড ডি গিয়া খেলতে পারে। এর বাইরে আমি অন্য কোনো খেলোয়াড় খুঁজে পাচ্ছি না।’ মেট্রো।