ইংলিশ লিগের 'লাড্ডু' দলের আয় ১০৪৯ কোটি!

অ্যাটলেটিকো মাদ্রিদ চেষ্টা করতেই পারে ক্লাবের রেজিস্ট্রেশনটা ইংল্যান্ডে করার। লা লিগায় এবারও তৃতীয় হয়েছে ডিয়েগো সিমিওনের দল। পুরস্কার হিসেবে ১১৬ মিলিয়ন ইউরোও (বাংলাদেশি মূল্যমানে প্রায় ১ হাজার ৪৭ কোটি টাকা) পাচ্ছে। তবে ইংল্যান্ডের দিকে তাকালেই মন খারাপ হয়ে যাবে তাঁদের। ইংলিশ প্রিমিয়ার লিগের সবার নিচে থাকা দলটিও যে আয় করছে অ্যাটলেটিকোর চেয়ে বেশি!
প্রিমিয়ার লিগে এবার ৩৮ ম্যাচে ২৪ পয়েন্ট পেয়েছে সান্ডারল্যান্ড। এমন বাজে পারফরম্যান্সের খেসারত হিসেবে ইংলিশ লিগের দ্বিতীয় স্তর ‘চ্যাম্পিয়নশিপে’ নেমে যাচ্ছে তারা। তবে পকেট ভারী করেই নামছে দলটি। প্রিমিয়ার লিগের নতুন টিভি স্বত্বের পূর্ণ সুবিধাটা পেয়েছে সান্ডারল্যান্ড। লিগে ২০তম হওয়ার পরও এবার মোট ৯৯.৯ মিলিয়ন পাউন্ড আয় করেছে ক্লাবটি! বাংলাদেশি মূল্যমানে আজকের হিসাবে সেটি প্রায় ১ হাজার ৪৯ কোটি টাকা!
লিগে ২০তম হওয়ায় তারা পেয়েছে ১.৯ মিলিয়ন পাউন্ড। তাঁদের অধিকাংশ ম্যাচ টিভিতে না দেখানোয় সেখান থেকে আয় একটু কম হয়েছে—১৩. ৬ মিলিয়ন পাউন্ড। কিন্তু টিভি স্বত্বের সমবণ্টনের সুবিধাটা পুরোপুরি পেয়েছে সান্ডারল্যান্ড। ক্লাবের ইতিহাস, আকার কিংবা লিগ অবস্থানের তোয়াক্কা না করে সবাইকেই ৮৪.৪ মিলিয়ন পাউন্ড পাওয়ার ব্যবস্থা করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। আর এতেই ফুলে–ফেঁপে উঠছে ইংল্যান্ডের মাঝারি থেকে নিচু সারির দলগুলো।
স্প্যানিশ লিগেও এ মৌসুম থেকে সমান অর্থ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু সেই অঙ্কটা অনেক কম, অন্তত ইংলিশ লিগের তুলনায় ৫০ মিলিয়ন ইউরো। এ ছাড়া ক্লাবের সুযোগ–সুবিধা, স্টেডিয়ামের আকার বিবেচনা করেও অর্থ বণ্টনে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবকে সুবিধা দেওয়া হয়। ফলে এ দুটি ক্লাব যেখানে ৬০ মিলিয়ন ইউরো পায়, সেখানে অ্যাটলেটিকোকে দেওয়া হয় ৩০ মিলিয়ন ইউরো! ওসাসুনার মতো ছোট ক্লাবের জোটে মোটে ৯ মিলিয়ন!
তবে এর মানে এটা নয়, রিয়াল কিংবা বার্সাও খুব একটা এগিয়ে আছে অ্যাটলেটিকোর চেয়ে। গত এক দশক ধরে ইউরোপ শাসন করা এ দুটি ক্লাব এবার লিগ থেকে যে অর্থ আয় করছে, সেটা ইংলিশ লিগে সাতে থাকা এভারটনের চেয়েও কম! অথচ চ্যাম্পিয়নস লিগে গত তিনবারের বিজয়ী রিয়াল ও বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের পর গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা ইউরোপা লিগেও গত তিনবার বিজয়ী হয়েছে আরেক স্প্যানিশ ক্লাব—সেভিয়া। রিয়াল এবারও উঠেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। কিন্তু বিশ্বব্যাপী দর্শক আগ্রহে লা লিগা ইংলিশ লিগের চেয়ে পিছিয়ে থাকায় ইংল্যান্ডের ক্লাবগুলোর ব্যবসা রমরমা।
ইতালির সিরি ‘আ’র অবস্থা লা লিগার চেয়েও খারাপ। টানা ছয়বারের চ্যাম্পিয়ন জুভেন্টাসই শুধু ব্যতিক্রম, না হলে লিগ টেবিলে দুইয়ে থাকা দলের আয়ও ইংলিশ লিগের সবার নিচে থাকা দলের চেয়ে কম।
জয়তু, ইংলিশ লিগ ও তাদের টিভি-স্বত্ব! সূত্র : মার্কা ও টোটাল স্পোর্টেক।