ইংলিশ শেরিংহামের চেয়ে কম যাননি জুয়েল

বহু আশা নিয়ে ইংল্যান্ড থেকে উড়িয়ে আনা হয়েছিল চার্লি শেরিংহামকে। কিন্তু নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি এই ইংলিশম্যান। কালেভদ্রে তার পা থেকে দেখা যায় গোল। অনিয়মিত ঝলকের অংশ হিসেবে আজও করেছেন সুন্দর একটি গোল। তবে তার চেয়ে কম গেলেন না বাংলাদেশি উইঙ্গার জুয়েল রানা। তিনিও করেছেন সুন্দর একটি গোল। তাঁদের দুজনের কল্যাণেই বিজেএমসিকে ২-০ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং।
ঢাকার মাঠে দুর্দান্ত এক গোল দিয়ে শুরু হয়েছিল শেরিংহামের যাত্রা। কিন্তু তারপর কোথায় যে হারালেন বিখ্যাত বাবা টেডি শেরিংহামের ছেলে। আজকের আগে ছয় ম্যাচে তাঁর নামের পাশে মাত্র দুই গোল। অর্থাৎ বিজেএমসি ম্যাচ দিয়ে সাত ম্যাচে মোট তিন গোল হলো শেরিংহামের।
শেরিংহামের গোল মানেই দুর্দান্ত ফিনিশিং। ১৬ মিনিটে মতিন মিয়ার বাড়িয়ে দেওয়া বলে দূরের পোস্টে জোরালো হেডে গোলটি করেছেন তিনি। অল্প সময়ের জন্য খুব অল্প জায়গা পেয়েছিলেন, তার সর্বোচ্চটাই ব্যবহার করেছেন শেরিংহাম। মাঠে জামাল ভূঁইয়ার সঙ্গে তাঁর বোঝাপড়াটাই ভালোই চোখে পড়ল। মাঝমাঠ থেকে জামালের বেশির ভাগ এরিয়াল থ্রুগুলোই ছিল শেরিংহামের উদ্দেশে এবং তাতে সফলও হয়েছেন। কিন্তু অ্যাটাকিং থার্ডে আজ বড্ড বেশি একা মনে হলো তাঁকে। বল অনেকক্ষণ নিয়ন্ত্রণে রাখার পরেও সাপোর্ট উঠে আসছিল না।
৩১ মিনিটে উঠে এসেছিলেন স্বাধীন। বক্সের বাঁ প্রান্ত থেকে কাট ব্যাকও করেছিলেন শেরিংহাম। কিন্তু গোলমুখ থেকেও উঁচিয়ে মেরে তার শ্রাদ্ধ করেছেন স্বাধীন। দুই বিদেশি ওয়েডসন এনসেলমে ও হ্যাম্বার ভ্যালেন্সিয়া ইনজুরির থাকায় আজ এক বিদেশি নিয়ে মাঠে নেমেছিল সাইফ। ৭২ মিনিটে মেরাজ হোসেনের বদলি হিসেবে মাঠে নেমে ৮০ মিনিটেই গোল করেছেন জুয়েল রানা। বাম প্রান্ত থেকে মোহাম্মদ ইব্রাহিমের ক্রস অনেক বাইরে থেকে দৌড়ে এসে স্লাইডিং করে সুন্দর গোলটি করেছেন।
এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে সাইফ। আর ১৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে টিম বিজেএমসি।