ইংলিশদের দুঃস্বপ্নের সপ্তাহ

দেশের মাটিতে বাঘ, বিদেশে বিড়াল—কথাটা ক্রিকেটে খুব চলে। ম্যানচেস্টার সিটি কথাটা ফুটবলেও প্রমাণ করে যাচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগে গত তিন মৌসুমে দুবারের চ্যাম্পিয়ন হয়েছে সিটি। কিন্তু ইউরোপে এলেই যেন সবকিছু তালগোল পাকিয়ে ফেলছে তারা। গত চার বছরে তিনবারই চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্ব থেকে বিদায় নিতে হয়েছে ম্যানুয়েল পেলেগ্রিনির দলকে। পরশু সিএসকে মস্কোর কাছে ২-১ গোলে হেরে এবারও সেই পথেই আছে সিটি!
ইংলিশ ক্লাবগুলোর জন্যই সপ্তাহটাকে বিস্মরণযোগ্য বলতে হয়। চ্যাম্পিয়নস লিগে দুদিন আগে লিভারপুল হেরেছে, আর্সেনাল ড্র করেছে অবিশ্বাস্যভাবে। পরশু সিটি হারল নিজেদের মাঠে, আর চেলসি ড্র করল পুঁচকে মারিবরের কাছে। অথচ স্লোভেনিয়ার এই ক্লাবকে আগের দেখাতেই ছয় গোলে উড়িয়ে দিয়েছিল মরিনহোর দল! অন্য বড় দলগুলো অবশ্য প্রত্যাশিত জয়ই পেয়েছে। মেসির রেকর্ড ছোঁয়া দিনে আয়াক্সকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। রোমাকে একই ব্যবধানে হারিয়েছে বায়ার্ন, অ্যাপোয়েলের সঙ্গে পিএসজি জিতেছে ন্যূনতম ব্যবধানে। বায়ার্ন, বার্সা, পিএসজির সঙ্গে পরশু পোর্তোও নিশ্চিত করে ফেলেছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো।
সিটির জন্য নকআউট পর্বের স্বপ্নটা এখন অনেক দূরের। রাশি রাশি টাকা ছড়িয়ে দলে আনা হয়েছে সেরা খেলোয়াড়দের। কিন্তু আসল পরীক্ষা যেখানে, সেই ইউরোপের মঞ্চে প্রতিবারই তারা অনুত্তীর্ণ। কেন এমন হচ্ছে? কোচ পেলেগ্রিনির ব্যাখ্যা, ‘আমরা আত্মবিশ্বাসের অভাবে ভুগছি। কেন এমন হচ্ছে সেটা বলা কঠিন। গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা সবাই অনুজ্জ্বল ছিল। অদ্ভুত একটা সময় যাচ্ছে। শুধু এই প্রতিযোগিতায় নয়, গত দুই সপ্তাহ ধরেই আমরা খেলতে পারছি না।’ সেইডু ডুম্বিয়ার গোলে পিছিয়ে পড়ার পর ফ্রি-কিক থেকে এদিন সমতা এনেছিলেন ইয়াইয়া তোরে। ওই ডুম্বিয়াই আবার গোল করে দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন সিএসকেএ মস্কোকে। ম্যাচটা অবশ্য শেষ পর্যন্ত নয়জন নিয়ে শেষ করতে হয়েছে সিটিকে, লাল কার্ড দেখেছেন ফার্নান্দিনহো ও তোরে।
মারিবরের সঙ্গেও চেলসি একই ভাগ্য বরণ করতে পারত। ৭২ মিনিট পর্যন্তও পিছিয়েই ছিল তারা। নেমানিয়া মাতিচের গোলে ঘুরে দাঁড়ানো চেলসি পরে এগিয়েও যেতে পারত। কিন্তু পেনাল্টি মিস করেছেন এডেন হ্যাজার্ড। অবশ্য ড্রয়ের পরও আট পয়েন্ট নিয়ে গ্রুপের সবার ওপরেই আছে হোসে মরিনহোর দল।
রোমাকে আগের দেখাতেই গুনে গুনে সাত গোল দিয়েছিল বায়ার্ন। পরশু আলিয়াঞ্জ অ্যারেনায় অতটা ‘নির্দয়’ ছিল না জার্মান চ্যাম্পিয়নরা। যদিও ফ্রাঙ্ক রিবেরি ও মারিও গোটশের গোলে রোমাকে হারিয়েছে সহজেই (২-০)। রোমা কোচ রুডি গার্সিয়া যেন ‘লজ্জা এড়ানো’র তৃপ্তিতেই আচ্ছন্ন, ‘আমরা মাথা উঁচু করে বিদায় নিতে পারাটাই লক্ষ্য ছিল আমাদের।’
প্যারিসে এডিনসন কাভানির গোলে পিএসজি হারিয়েছে অ্যাপোয়েলকে। তবে পরশু রাতে তারকা ছিলেন আসলে লুইজ আদ্রিয়ানো। বাতে বরিসভের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন শাখতার দোনেৎস্কের ব্রাজিলিয়ান স্ট্রাইকার। বরিসভের সঙ্গে আগের ম্যাচেই করেছিলেন পাঁচ গোল, চ্যাম্পিয়নস লিগে টানা দুটি হ্যাটট্রিক করার কীর্তিও এটাই প্রথম। এএফপি।
এক নজরে
বায়ার্ন ২ : ০ রোমা
আয়াক্স ০ : ২ বার্সেলোনা
ম্যান সিটি ১ : ২ সিএসকেএ মস্কো
মারিবর ১ : ১ চেলসি
পিএসজি ১ : ০ অ্যাপোয়েল
স্পোর্টিং লিসবন ৪ : ২ শালকে
বিলবাও ০ : ২ পোর্তো
শাখতার ৫ : ০ বাতে বরিসভ
* আগে স্বাগতিক দল