ইংল্যান্ড দিগ্ভ্রান্ত!

‘ক্লু-লেস’!
শব্দটির অর্থ নানাভাবে করা যায়, কিন্তু ইংল্যান্ডের পত্রিকাগুলো বোঝাতে চেয়েছে, ‘কোনো ধারণা নেই, দিগ্ভ্রান্ত।’ আইসল্যান্ডের কাছে হারের পর ইংলিশদের চোখে তাদের ফুটবল দলটি তো আসলেই তা-ই! শেষ ষোলোতে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে এক দিগ্ভ্রান্ত ইংলিশ দলেরই দেখা মিলল।
যেকোনো প্রতিযোগিতার আগে ইংল্যান্ড দলকে নিয়ে শোরগোল ফেলে দেয় দেশটির সংবাদমাধ্যম। এ ইউরোর আগে বরং একটু চুপচাপ ছিল তারা। তবে পরশু পুঁচকে আইসল্যান্ডের কাছে হারের পর আর ‘মৌনব্রত’ পালন করতে পারল না সংবাদমাধ্যম। এবার সমর্থকেরাও গলা মিলিয়েছেন ইংল্যান্ড দলের ‘প্রশস্তি’তে।
ডেইলি মিরর দারুণভাবে ইংল্যান্ড দলের বর্ণনা দিয়েছে, ‘জীবনে শুধু তিনটি জিনিসের নিশ্চয়তা আছে; মৃত্যু, কর এবং যেকোনো বড় প্রতিযোগিতায় ইংল্যান্ডের বাজে খেলা।’
সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালান শিয়ারার এই দলের বর্ণনায় মাত্র ৪টি শব্দ ব্যবহার করলেন, ‘ইংল্যান্ড—হতাশাজনক, জঘন্য, অদক্ষ।’ ১৯৫০ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলের হারকেও ছাড়িয়ে যাওয়া এই পরাজয়ের পর ইংলিশ দলের সঠিক বর্ণনাই হয়তো এটা।
২৪ জুন অনেক নাটকীয়তার পর ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে গেছে ব্রিটেন। পরশু ইউরো থেকে ইংল্যান্ডের বিদায়ের পর সে প্রসঙ্গই ঘুরেফিরে এল। বিখ্যাত দ্য টাইমস-এই যেমন বলে দিল, ‘ইউরোপ এই ইংল্যান্ডের অভাব বোধ করবে না।’
ইইউ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ব্রিটিশদের অনেকেই এখন পুনর্বিবেচনা করছেন, অনেকেই একটু পেছনে ফিরে দেখছেন সিদ্ধান্তটি সঠিক হলো কি না। ডেইলি মেইল সেদিকে ইঙ্গিত করে খোঁচা দিল, ‘আপদ বিদায় হলো। গত কিছুদিন ইংল্যান্ডের মানুষ চেষ্টা করছিল অতীতে ফিরে যাওয়ার। রয় হজসন সেটি করতে পেরেছেন, একেবারে ১৯৫০ সালের বেলো হরিজোন্তে নিয়ে গেছেন তিনি।’ এক সমর্থক ব্যাপারটার বিদ্রূপাত্মক দিকের কথা মনে করিয়ে দিলেন, ‘মজার ব্যাপার! ইংল্যান্ডকে ইউরো থেকে বের করে দিল ইইউতে নেই এমন এক দল। কে জানে এ জন্যই হয়তো আগেভাগে “ব্রেক্সিট” করলাম!’
আরেক সমর্থক অ্যান্ড্রু ব্লচ এ দলে আর আস্থা রাখতে পারছেন না, ‘পুরো ইংল্যান্ড দলের দাম ১৭ কোটি ৫০ লাখ পাউন্ড। চলুন, এই অর্থ জাতীয় স্বাস্থ্যসেবায় ব্যয় করি।’ সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকারের কথাই বুঝিয়ে দিল ইংলিশদের বর্তমান মানসিক অবস্থা, ‘আমাদের ইতিহাসের সবচেয়ে লজ্জার হার। এমন এক দলের কাছে ইংল্যান্ড হেরেছে, যে দেশে পেশাদার ফুটবলারের চেয়ে আগ্নেয়গিরির সংখ্যা বেশি!’ এএফপি, রয়টার্স।