ইংল্যান্ড যেভাবে পেরোল ২৮ বছরের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের ইংল্যান্ড দলটাকে অনেক বেশি সুখী মনে হচ্ছে। ছবি: এএফপি
এবারের ইংল্যান্ড দলটাকে অনেক বেশি সুখী মনে হচ্ছে। ছবি: এএফপি
>

সবার প্রত্যাশাকে ছাপিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে এসেছে ইংল্যান্ড। ২৮ বছর পর সেমিফাইনাল খেলা ইংল্যান্ড কি যেতে পারবে ফাইনালে?

যেকোনো টুর্নামেন্টের আগেই ইংল্যান্ড দলটা নিয়ে ব্রিটিশ মিডিয়া খুব উত্তেজিত থাকে। কিন্তু এবারই তারা কেন যেন হ্যারি কেইনদের নিয়ে খুব একটা উচ্চকণ্ঠ ছিল না। প্রত্যাশার সলতেতে তারা আগুনও জ্বেলেছে খুব ধীরে ধীরেই। এর একটা বড় কারণ ছিল। দলটাতে খুব বড় কোনো তারকা নেই। বেকহাম, জেরার্ড, টেরি, ল্যাম্পার্ড কিংবা রুনি, ওয়েনরা যেখানে তাঁদের প্রত্যাশার সঙ্গে তাল মেলাতে পারেননি, সেখানে কেইন, ডেলে আলি, লিনগার্ড, স্টার্লিংদের দিয়ে কী হবে! ইংলিশ মিডিয়া ভেবেছিল, এদের দিয়ে ভালো ফুটবল হতে পারে, কিন্তু বিশ্বকাপ জেতা সম্ভব নয়!

কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে এই ইংল্যান্ড দলটাই এখন বিশ্বকাপের সেমিতে! গত ২৮ বছর যে কাজটা ইংল্যান্ডের তাবৎ তারকা ফুটবলার করে দেখাতে পারেননি, সেটিই করেছে তথাকথিত আনকোরা এক দল। হেন্ডারসন, ট্রিপিয়ের, ম্যাগুইরে, স্টোনস, পিকফোর্ড, লিনগার্ড, কেইনরা এখন ইংল্যান্ডকে স্বপ্ন দেখাচ্ছে ৫২ বছর পর বিশ্বকাপ জয়ের গৌরব গায়ে মাখার। সেই লক্ষ্যে আপাতত বড় বাধা আজ ক্রোয়েশিয়া। সেমিফাইনালে আজ ক্রোয়েশিয়াকে হারাতে পারলেই তো বিশ্বকাপ জয়ের স্বপ্নের খুব কাছে যেতে পারবে ইংলিশরা।

বিশ্বকাপে এবার মোটামুটি সহজ গ্রুপেই পড়েছিল ইংল্যান্ড। গ্রুপ ‘জি’-তে ইংল্যান্ডের সঙ্গী ছিল বেলজিয়াম, পানামা ও তিউনিসিয়া। বেলজিয়াম ছাড়া শক্ত প্রতিপক্ষ কেউই ছিল না এই গ্রুপে। নিজেদের খেলাটা ভালোভাবে খেলেই তারা প্রথম রাউন্ডের বাধা পেরোয়। প্রথম ম্যাচে অধিনায়ক কেইনের শেষ মুহূর্তের গোলে তিউনিসিয়াকে ২-১ গোলে হারিয়েই প্রথম আশার সঞ্চার করে তারা। দ্বিতীয় ম্যাচে খর্বশক্তির পানামাকে বিধ্বস্ত করে ৬-১ গোলে; কেইন করেন হ্যাটট্রিক, জোড়া গোল করেন ডিফেন্ডার জন স্টোনস। ওদিকে বেলজিয়ামও নিজেদের প্রথম দুই ম্যাচে জেতার কারণে ইংল্যান্ড তাদের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা দোটানার মধ্যে ছিল। ম্যাচটা জিতলে গ্রুপে শতভাগ জয় নিয়েই হয়তো দ্বিতীয় পর্বে যাওয়া যাবে, কিন্তু পরের বাধাগুলো হবে বড় বড়। কিন্তু গ্রুপ রানার্সআপ হলে সেমিফাইনাল পর্যন্ত পথ পরিষ্কারই থাকবে—এমন ভাবনা থেকেই বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটা একেবারেই খর্বশক্তি নিয়ে মাঠে নামে। ম্যাচটি ১-০ গোলে হারলেও দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টারে মোটামুটি প্রতিপক্ষের বিপক্ষে খেলার ব্যাপারটি নিশ্চিত হয় ইংল্যান্ডের।

দ্বিতীয় রাউন্ডে কলম্বিয়ার মুখোমুখি হয় ইংল্যান্ড। একদম ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকা কলম্বিয়া সমতায় ফেরে একদম শেষ মুহূর্তে, ইয়েরি মিনার গোলে। তাতেও শেষরক্ষা হয়নি কলম্বিয়ার, পেনাল্টিতে ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের বীরত্বে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ইংলিশরা। কোয়ার্টারে সুইডেনকে ২-০ গোলে হারায় বেশ সহজেই। পুরো টুর্নামেন্টে কৌশলী খেলা সুইডেনের রক্ষণদুর্গ ভেঙে পড়ে ডেলে আলি ও হ্যারি ম্যাগুইরের সামনে।

দলীয় সমন্বয় ঘটিয়েই সেমিতে ইংল্যান্ড। ছবি: এএফপি
দলীয় সমন্বয় ঘটিয়েই সেমিতে ইংল্যান্ড। ছবি: এএফপি

সেমিফাইনালে আজ এই ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। পুরো টুর্নামেন্টে সাউথগেট দেখিয়ে দিয়েছেন মহাতারকাদের মেলা না থাকলেও দল হিসেবে খেলে লক্ষ্য অর্জন করা যায় সহজেই। এই ইংল্যান্ড দলে খেলোয়াড়দের মধ্যে কোনো ব্যক্তিগত রেষারেষি নেই, নেই কারও ঔদ্ধত্য। দলে কোনো মহাতারকা না থাকার এই সুবিধাটাই পাচ্ছে ইংল্যান্ড। আর এই সুবিধার পূর্ণ সদ্ব্যবহার করেই দলটাকে একই সুতায় গাঁথতে পেরেছেন সাউথগেট! সেমিতে এটিই ইংল্যান্ডের সবচেয়ে বড় শক্তি।