ইংল্যান্ড 'করুণ', 'লজ্জাজনক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই ইংল্যান্ডকে ‘করুণ’ ও ‘লজ্জাকর’ বললেন ইংলিশ সাবেকেরা। ছবি: এএফপি।
এই ইংল্যান্ডকে ‘করুণ’ ও ‘লজ্জাকর’ বললেন ইংলিশ সাবেকেরা। ছবি: এএফপি।

আবারও ইংল্যান্ডের লজ্জাজনক বিদায়। ইউরোতে ‘অখ্যাত’ আইসল্যান্ডের কাছে ২-১ গোলে আবারও ব্যর্থতার বৃত্তেই তারা।
আইসল্যান্ডের বিপক্ষে হারটা মেনে নিতেই পারছেন না সাবেক ইংলিশ ফুটবলাররাও। যদিও তাঁরাও ইংলিশ ফুটবলের অতীত ব্যর্থতায় নানাভাবে জড়িয়ে আছেন। সাবেক ইংলিশ তারকা গ্যারি লিনেকার টুইটার করেছেন, ‘ইংল্যান্ড আজ এমন একটি দেশের কাছে হেরে গেল, যে দেশে পেশাদার ফুটবলারের চেয়ে আগ্নেয়গিরির সংখ্যা বেশি।’
তিনি আরও লিখেছেন, ‘রয় হজসনের মতো একজন সম্মানিত ব্যক্তিকে মানুষ আজীবন মনে রাখবে আইসল্যান্ডের বিপক্ষে হারা কোচ হিসেবে।’ লিনেকার আইসল্যান্ডের বিপক্ষে এই হারকে ইংলিশ ফুটবলের সবচেয়ে বাজে হার হিসেবে অভিহিত করেছেন।

অ্যালান শিয়ারারের মতে, ইংল্যান্ড ‘অযোগ্য’, ‘করুণ’ এটা দল। তিনি আইসল্যান্ডকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘সত্যিই আইসল্যান্ড দুর্দান্ত।’
সাবেক ইংল্যান্ড জেমি ক্যারাঘারের টুইটও ছিল আইসল্যান্ডের প্রশংসা। তিনি কোচ হজসনের বিদায়কে স্বাগত জানিয়ে বলেছেন, ‘স্বাভাবিকভাবেই রয় হজসনের পদত্যাগ ঠিকই আছে, তাঁকে যেতেই হতো, কারণ রাশফোর্ড বাদে বাকি ইংল্যান্ড খেলোয়াড়দের পারফরম্যান্স আজ ছিল জঘন্য।’
ফ্রান্সের সাবেক তারকা থিয়েরি অঁরি ম্যাচের আগে আইসল্যান্ডের জয়ের কথা ভাবতেই পারেননি বলে স্বীকার করেছেন। তবে তিনি আইসল্যান্ডকে প্রশংসা করতে ভোলেননি, ‘আমি ভেবেছিলাম, আইসল্যান্ডের প্রতিরোধ সত্ত্বেও ম্যাচটা শেষ পর্যন্ত ইংল্যান্ডই জিতবে। আইসল্যান্ড কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য।’