ইংল্যান্ডকে চটিয়ে দিয়েছেন বেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেল-রামসেদের সামনে বিরল এক সুযোগ। ওয়েলশ কিংবদন্তি ইয়ান রাশের কথা মানলে সে জন্য অবশ্য ‘ছোট্ট’ একটা কাজ করতে হবে তাঁদের, ইউরোতে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের বিপক্ষে করতে হবে জয়সূচক গোল! যিনি করতে পারবেন, তাঁর নাম উঠে যাবে ইতিহাসের খাতায়, ওয়েলশদের হৃদয়ের পাতায়।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ফ্রান্সের লেঁস শহরে মঞ্চস্থ হবে ‘ব্যাটল অব ব্রিটেন’। যুক্তরাজ্যের অংশ দুই প্রতিবেশীর ১৩৭ বছর পুরোনো লড়াইয়ের নতুন অধ্যায়। শুধুই একটি ম্যাচ এটি নয়, ঐতিহ্য আর সম্মানেরও লড়াই। রেকর্ড ৮৬-১৪ ব্যবধানে এগিয়ে রেখেছে ইংল্যান্ডকে, ১৯৮৪ সালের পর কখনো হারেওনি ইংলিশরা।
কিন্তু মাঠের লড়াইয়ের আগে কথার লড়াই শুরু হয়ে গেছে। এখানেও ওয়েলসের হয়ে ‘আক্রমণের’ নেতৃত্বে গ্যারেথ বেল। দুই দিন আগে খোঁচা মেরে বলেছেন, ‘ইংল্যান্ডের কেউই ওয়েলশ দলে জায়গা পাওয়ার মতো নয়।’ ইংলিশদের প্রতি বেল প্রচলিত একটা অভিযোগও তুলেছেন—ইংল্যান্ড কিছু জেতার আগেই নিজেদের বড় করে দেখায়! ইংলিশ কোচ রয় হজসন যদিও বেলের কথাগুলোকে বলেছেন ‘অসম্মানজনক’।
কথার জবাব তো দিয়েছেন, মাঠে বেলের আক্রমণেরও জবাব তৈরি করছেন তো হজসন? করতে না পারলে ইংল্যান্ডের আজ ইউরো থেকেই বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে। প্রথম ম্যাচে অমন দুর্দান্ত খেলেও রাশিয়ার সঙ্গে ড্র করেছেন রুনি-হার্টরা। আজ ম্যাচটা তাই তাঁদের বাঁচা-মরারও লড়াই।
এমন ম্যাচের আগে শুধু বেলকে নিয়ে ভাবার ভুল করতে নারাজ ইংলিশ মিডফিল্ডার অ্যাডাম লালানা। কাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ওদের দলটি শুধু ওয়ানম্যান-শো নয়। বেল ছাড়াও আরও দুর্দান্ত অনেক খেলোয়াড় আছে ওদের।’
দুই দলের অনেক খেলোয়াড়ই খেলেন প্রিমিয়ার লিগে। বেশ ভালো জানাশোনা, সম্পর্কেও আছে বন্ধুত্বের উষ্ণতা। কিন্তু মাঠে নামলে সেটি কি মনে থাকবে? দুই দেশের শতাব্দীপ্রাচীন ইতিহাস, ঐতিহ্য যে ম্যাচটিতে দিচ্ছে ‘ডার্বি’র উত্তেজনা! এএফপি, রয়টার্স।