ইংল্যান্ডকে নীলে রাঙাল চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক মৌসুম বিরতি দিয়ে লিগ শিরোপাটা আবার চেলসির। আনন্দে একটু স্লাইড তো দিতেই পারেন টেরি-হ্যাজার্ড-উইলিয়ানরা। পরশু ওয়েস্ট ব্রমের মাঠে চেলসির  জয়ের পর  l রয়টার্স
এক মৌসুম বিরতি দিয়ে লিগ শিরোপাটা আবার চেলসির। আনন্দে একটু স্লাইড তো দিতেই পারেন টেরি-হ্যাজার্ড-উইলিয়ানরা। পরশু ওয়েস্ট ব্রমের মাঠে চেলসির জয়ের পর l রয়টার্স

পালটা একটু ছিঁড়ে গিয়েছিল, কিন্তু নৌকাটা ঠিকঠাকই ছিল। দরকার ছিল শুধু একজন দক্ষ মাঝির। সব বাধা পেরিয়ে যিনি নৌকাটাকে নিয়ে যাবেন গন্তব্যে।
মৌসুম শুরুর চেলসির সঙ্গে একটু মিল যদি খুঁজে পান গল্পের এই নৌকাটার, সেটি মোটেও কাকতালীয় নয়। আর নৌকাটা যদি চেলসি হয়, মাঝির নাম আন্তোনিও কন্তে!
ইংল্যান্ডে তাঁর প্রথম মৌসুমেই পেলেন ওই নৌকাটার মতো ‘পাল ছেঁড়া’ একটা দল। তারকার অভাব নেই, কিন্তু অন্তঃকোন্দল আর ফর্মহীনতায় দুই মৌসুম আগের চ্যাম্পিয়ন দলটা গত মৌসুমে লিগে হয়েছিল দশম। এমন দল নিয়ে কী করতে পারবেন কন্তে, মৌসুম শুরুতে সেই প্রশ্ন আর অনেক সংশয়ও ছিল। সবকিছুর জবাব হয়ে এসেছে গত পরশুর ছবিটি। ওয়েস্টব্রমের মাঠে ১-০ গোলে জয়ের পর কোচকে পাঁজাকোলা করে উদ্যাপনে মত্ত হ্যাজার্ড-টেরি-কস্তারা শ্যাম্পেনে ভিজিয়ে দিলেন তাঁর স্যুটটা! ছবিটি চেলসির প্রিমিয়ার লিগ শিরোপার উদ্যাপনের। দুই ম্যাচ বাকি থাকতেই নিজের প্রথম মৌসুমে যে চেলসিকে ইংল্যান্ডের সেরা বানিয়ে দিয়েছেন ৪৬ বছর বয়সী ইতালিয়ান।
শিরোপা যে চেলসির ঘরে যাচ্ছে, এ নিয়ে সংশয় প্রায় ছিলই না। পরশু ৮২ মিনিটে মিচি বাৎসুয়াইর গোলে সেটি নিশ্চিতও হয়ে গেল।
ইংল্যান্ডে প্রথম মৌসুমেই শিরোপা! মোটেই সহজ নয়। কন্তেও নির্দ্বিধায় স্বীকার করলেন, ‘ইংল্যান্ডে আসা, ভিন্ন অভ্যাস, ভাষার সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টা, তার ওপর বাজে একটা মৌসুম কাটিয়ে আসা খেলোয়াড়দের নিয়ে কাজ করতে হওয়া...আমার জন্য সহজ ছিল না।’ কীর্তিটা অবশ্য তাঁরই প্রথম নয়। এর আগে চেলসিতেই হোসে মরিনহো ও কার্লো আনচেলত্তি; আর ম্যানচেস্টার সিটিতে ম্যানুয়েল পেলেগ্রিনি গড়েছিলেন ইংল্যান্ডে প্রথম মৌসুমেই লিগ জয়ের কীর্তি। তবু একটা জায়গায় কন্তে আলাদা। ওই যে, পাল ছেঁড়া নৌকা আর মাঝির গল্প।
ডাগআউটে তাঁর ‘ছোঁয়াচে’ আবেগ, গোলের পর খেলোয়াড়-কোচিং স্টাফদের খুশিতে জড়িয়ে ধরা, উদ্দাম দৌড়, এমনকি ডাগআউট ধরেই ঝুলে পড়া...এমন পাগলাটে কোচ কবে কেউ দেখেছে স্টামফোর্ড ব্রিজে?
এমন অপ্রত্যাশিত ছিল তাঁর ৩-৪-৩ কৌশলে দলকে খেলানোও। সেপ্টেম্বরে ওই বদলের পর লিগে এক মৌসুমে রেকর্ড টানা ১৩ ম্যাচে জেতে চেলসি, সঙ্গে এই বিশ্বাসও পায়—তারাই এবার শিরোপার সবচেয়ে বড় দাবিদার। টটেনহাম কাগজে-কলমে পরশুর ম্যাচের আগ পর্যন্তও দৌড়ে ছিল, কিন্তু চেলসি ছিল নিঃসংশয়! কন্তে নিজেও ওই ছক-বদলকেই দেখছেন শিরোপা জয়ের অনুঘটক, ‘ওই সিদ্ধান্তটাই আমাদের বদলে দিয়েছে। আমার মনে ৩-৪-৩ ছকটা সব সময়ই ছিল, কারণ জানতাম ওটা কার্যকর করার মতো খেলোয়াড় আমার কাছে আছে।’
এই ছকে প্রচণ্ড পরিশ্রমী মিডফিল্ডার লাগে, সেটির জন্য এনগোলো কান্তে ছিলেন। রক্ষণে লুইজ-কাহিলরা ছিলেন ইস্পাতকঠিন। আগের মৌসুমের নিষ্প্রভ এডেন হ্যাজার্ডও ছিলেন দুর্দান্ত। ডিয়েগো কস্তা এনে দিয়েছেন গোটা বিশেক গোল। সব মিলিয়েই ২০০৩ সাল থেকে শুরু হওয়া রোমান আব্রামোভিচ-যুগে কন্তের হাত ধরে এল চেলসির পঞ্চম শিরোপা (ক্লাব ইতিহাসে ষষ্ঠ)। এক মৌসুম বিরতি দিয়ে আবার প্রিমিয়ার লিগটাকে নীল রঙে রাঙাল চেলসি।
লিগে ক্ষুধা মেটেনি কন্তের, চোখ এখন এফএ কাপে, ‘আমরা ভাগ্যের জোরে জিতিনি। অসাধারণ খেলেছি। মৌসুমটা অসাধারণ কেটেছে, তবে এখন আমরা এফএ কাপও জিততে পারি।’ চেলসি কিংবদন্তি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের স্বপ্ন তো আরও বড়, কন্তের অধীনে চেলসির রাজত্বই দেখতে চান, ‘সেটা হতেই পারে। একজন চেলসি সমর্থক হিসেবে সেটিই চাইবেন আপনি।’
কন্তে-হ্যাজার্ডদের স্বপ্নও নিশ্চয়ই তা-ই। ইংল্যান্ড ছাড়িয়ে চেলসির নীল রংটাকে ইউরোপেও ছড়িয়ে দেওয়া। এএফপি, রয়টার্স।

 জুভেন্টাসে সর্বশেষ তিন মৌসুমে টানা জিতেছেন, চেলসিতেও জিতলেন প্রথম মৌসুমেই। ক্লাব ক্যারিয়ারে সর্বশেষ টানা চার মৌসুমেই দলকে লিগ জিতিয়েছেন আন্তোনিও কন্তে
 প্রিমিয়ার লিগে এবার কন্তেই একমাত্র কোচ, যিনি প্রতি ম্যাচেই তিনজন বদলি খেলোয়াড় নামিয়েছেন
 কার্লো আনচেলত্তি, রবার্তো মানচিনি ও ক্লদিও রানিয়েরির পর চতুর্থ ইতালিয়ান হিসেবে প্রিমিয়ার লিগ জিতলেন কন্তে

সর্বশেষ দশ মৌসুমের চ্যাম্পিয়নরা
মৌসুম চ্যাম্পিয়ন
২০১৬-১৭ চেলসি
২০১৫-১৬ লেস্টার সিটি
২০১৪-১৫ চেলসি
২০১৩-১৪ ম্যানচেস্টার সিটি
২০১২-১৩ ম্যানচেস্টার ইউনাইটেড
২০১১-১২ ম্যানচেস্টার সিটি
২০১০-১১ ম্যানচেস্টার ইউনাইটেড
২০০৯-১০ চেলস
২০০৮-০৯ ম্যানচেস্টার ইউনাইটেড
২০০৭-০৮ ম্যানচেস্টার ইউনাইটেড