ইংল্যান্ডকে ভয় পাওয়ার কিছু দেখছেন না শেভচেঙ্কো
সুইডেনের বিপক্ষে অসাধারণ এক জয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইউক্রেন। শেষ আটে তাদের প্রতিপক্ষ কাল অন্য ম্যাচে জার্মানিকে হারিয়ে দেওয়া ইংল্যান্ড। ইউক্রেনের কোচ আন্দ্রেই শেভচেঙ্কোর অবশ্য সেটি নিয়ে বিন্দুমাত্র দুশ্চিন্তা নেই। বরং ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে অঘটন ঘটানোর ছক এরই মধ্যে কষা শুরু করে দিয়েছেন তিনি।
ইউক্রেনের ফুটবল ইতিহাসের জীবন্ত কিংবদন্তি শেভচেঙ্কো। এসি মিলানের এক সময়ের অন্যতম সেরা তারকা। নিজে দেশের দিনামো কিয়েভে খেলার পাশাপাশি কাটিয়েছেন ইংলিশ ক্লাব চেলসিতেও। খেলা ছাড়ার পর তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছে ইউক্রেনের দায়িত্ব। শুরুটা কিছুটা ধীরগতির হলেও কিংবদন্তির অধীনেই ইউক্রেন এখন স্বপ্ন দেখছে অনেক বড় কিছুর। কাল সুইডেনের বিপক্ষে যেভাবে অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তের গোলে ইউক্রেন জয় তুলে নিল, তাতে দলটির দৃঢ়প্রতিজ্ঞাই প্রকাশিত।
আগামী শনিবার ইউক্রেনের কোয়ার্টার ফাইনাল–পরীক্ষা ইংলিশদের বিপক্ষে। কাল ম্যাচ শেষেই শেভচেঙ্কোর দিকে ছুটে গিয়েছিল ইংল্যান্ডকে নিয়ে প্রশ্ন। তাঁর সাফ জবাব, ‘ইংল্যান্ড খুবই ভালো দল। তাদের বেঞ্চ খুবই শক্তিশালী। দুর্দান্ত একজন কোচ আর কোচিং স্টাফ নিয়ে দলটা অন্য রকমই। আমরা পুরোপুরি সচেতন আছি, ম্যাচ কতটা শক্ত হতে পারে, সেটি নিয়ে।’
ইংল্যান্ডকে নিয়ে নিজেদের প্রস্তুতিটা যে মোটামুটি ভালোই, সেটাও বলেছেন তিনি, ‘ইংল্যান্ডের তিনটি গ্রুপ ম্যাচই দেখেছি। তবে ম্যাচ ছিল দেখে জার্মানির বিপক্ষে তাদের জয়টা দেখতে পারিনি। ইংল্যান্ডের বিপক্ষে গোল করাটা খুবই শক্ত। তবে এটা ঠিক যে দলটাকে ভয় পাওয়ার কিছু নেই।’
সুইডেনের বিপক্ষে ম্যাচটা ইউক্রেনকে কতটা প্রভাবিত করছে, সেটিও জানিয়েছেন শেভচেঙ্কো, ‘জয়টা প্রেরণাদায়ী। কারণ, এই জয় প্রমাণ করেছে ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। ফুটবলটা জীবনের মতোই। যেকোনো কিছুই ঘটতে পারে। আমরা ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চটা দিয়ে লড়াই করব। আশা করি, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে পারব।’
ইংল্যান্ড এখনো এবারের ইউরোয় কোনো গোল খায়নি। গ্রুপে ক্রোয়েশিয়া আর চেক প্রজাতন্ত্রকে হারানোর পর স্কটল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেই দ্বিতীয় রাউন্ডে উঠেছিল তারা। কাল হ্যারি কেইন আর রহিম স্টার্লিংয়ের গোলে জার্মানির বিপক্ষে জিতে ইউরোয় ২৫ বছরের পুরোনো কষ্ট ভুলেছে তারা। কেবল তা–ই নয়, ১৯৬৬ সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানিকে ৪–২ গোলে হারিয়ে শিরোপা জেতার পর এই প্রথম তাদের বিপক্ষে কোনো টুর্নামেন্টের নকআউট পর্বে জিতল ইংলিশরা। সব মিলিয়ে ইংলিশরা এখন আকাশেই উড়ছে।
ওলেকসান্দর জিনচেঙ্কোর গোলেই কাল সুইডেনের বিপক্ষে জিতে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে ইউক্রেন। ম্যানচেস্টার সিটির এই ফুটবলার ম্যাচ শেষে তাঁর ক্লাব–সতীর্থ স্টার্লিংয়ের প্রশংসায় পঞ্চমুখ। কালকের গোলসহ এখন পর্যন্ত ইউরোয় চার ম্যাচে ৩ গোল স্টার্লিংয়ের।
সতীর্থকে বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার মনে করেন জিনচেঙ্কো, ‘স্টার্লিং এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার। ইংল্যান্ডের সঙ্গে অন্য দলের পার্থক্যটা গড়ে দিচ্ছে সে–ই।’
কোয়ার্টারে স্টার্লিংকে ঠেকাতে ইউক্রেন রক্ষণকে যে বাড়তি শ্রম দিতে হবে, সেটা মনে করিয়ে দিতে ভোলেননি জিনচেঙ্কা, ‘কোয়ার্টারে স্টার্লিংকে ঠেকাতে আমাদের রক্ষণকে বাড়তি পরিশ্রম করতে হবে। তাদের সেরাটাই দিতে হবে। সে যখন বল নিয়ে ছোটে, তখন সে খুবই বিপজ্জনক এক খেলোয়াড়।’
সুইডেন ম্যাচে ইউক্রেন দল যে যথেষ্ট চাপে ছিল, সেটা জানিয়ে দিয়েছেন জিনচেঙ্কা। কারণটা আর কিছুই নয়, গ্রুপ পর্বে দলের সার্বিক পারফরম্যান্স, ‘আমরা বেশ চাপেই ছিলাম। এত সমালোচনা হচ্ছিল যে সুইডেনের বিপক্ষে আমাদের সেরাটাই দিতে হতো। আমাকে নিয়েও সমালোচনা হয়েছে। এমন পরিস্থিতিতে যে আমরা ভালো খেলে জিততে পেরেছি, সেটিই বড় কথা। তবে সুইডিশদের হারিয়ে আমরা প্রমাণ করেছি আমরা যেকোনো দলের বিপক্ষেই জিততে পারি, ভালো করতে পারি।’