ইংল্যান্ডে আর্জেন্টাইনদের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঙ্গেল ডি মারিয়া
অ্যাঙ্গেল ডি মারিয়া

১৪ বছর আগের কথা। তখনো লা প্লাটা-টেমস নদীর মধ্যে সহস্র যোজন দূরত্ব। সম্ভাবনাময় আর্জেন্টাইন ফুটবলারদের অমোঘ ঠিকানা স্পেন বা ইতালি। ইংল্যান্ড? সেটা তো একরকম সাত সমুদ্দুর তেরো নদী দূরে। ব্রিটিশরাজে তখনো আর্জেন্টাইন ফুটবলারদের পা সেভাবে পড়েনি।

হুয়ান সেবাস্তিয়ান ভেরন তখন দুর্দান্ত খেলছেন লাৎসিওতে। আর্জেন্টাইন মিডফিল্ডার এর আগেই বিশ্বকাপের মতো বড় মঞ্চে চিনিয়েছেন নিজেকে। ইতালিয়ান ক্লাব থেকে সে সময়ের ব্রিটিশ রেকর্ড সাড়ে তিন কোটি ইউরোতে ভেরনকে দলে ভেড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু আশার বেলুনটা চুপসে যেতে দেরি হয়নি। চোট, ফর্মহীনতায় সেরা ভেরনকে খুব কমই দেখেছে ইংল্যান্ড।

সার্জিও আগুয়েরো
সার্জিও আগুয়েরো

তবে ভেরন যেমনই করুন, এক অর্থে আগুয়েরো, ডি মারিয়াদের পথটা তো তিনিই দেখিয়ে দিয়েছিলেন। প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর অবশ্য ভেরনই প্রথম আর্জেন্টাইন ফুটবলার নন। হোরেসিও কারবোনারি ও মরিসিও তারিক্কোরা ভেরনেরও দুই বছর আগে খেলে গেছেন ইংল্যান্ডে। তবে ভেরনকে দিয়েই আর্জেন্টিনাকে চিনেছিল প্রিমিয়ার লিগ। আর আশির দশকে অসভালদো আরদিলেস, রিকার্দো ভেলা বা আর্জেন্টিনার বিদায়ী কোচ আলেসান্দ্রো সাবেলারা তো ইংল্যান্ড মাতিয়ে গিয়েছিলেনই। তবে তাঁরা কেউই সম্ভবত কল্পনা করেননি, আজকের ইংল্যান্ড এমনভাবে আর্জেন্টাইনদের চারণভূমি হয়ে উঠবে!

চারণভূমিই বলা উচিত। একসময় ইংল্যান্ডে আর্জেন্টাইনদের সংখ্যা যেখানে হাতে গুনে ফেলা যেত, এখন খেলছেন ২১ জন। বিশেষ করে ম্যানচেস্টারই যেন আর্জেন্টাইনদের অভয়াশ্রম। আগুয়েরো, জাবালেতা, ডেমিচেলিসরা আগে থেকেই খেলছিলেন ম্যানচেস্টার সিটিতে। এই মৌসুমেই মালাগা থেকে এসেছেন গোলরক্ষক উইলি কাবায়েরো। নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডই-বা বাদ যায় কী করে? এই মৌসুমেই তারা রেকর্ড গড়ে এনে তুলল রিয়াল মাদ্রিদের অ্যাঙ্গেল ডি মারিয়াকে। ডি মারিয়া আবার প্রিমিয়ার লিগে ৫০তম আর্জেন্টাইন। তাঁর আগেই লিসবন থেকে এসেছেন মার্কোস রোহো।

মার্কোস রোহো
মার্কোস রোহো

আরেকটি আর্জেন্টাইন-অধ্যুষিত ক্লাব নিউক্যাসল। কোলোচ্চিনি, গুতিয়েরেজ (এখন ধারে খেলছেন নরউইচে) আগে থেকেই ছিলেন। এবার শাখতার দোনেৎস্ক থেকে যোগ হয়েছেন ফাকুন্দো ফেরেইরা। বিশ্বকাপেই নজরকাড়া আরেক আর্জেন্টাইন ফেদেরিকো ফার্নান্দেজ নাপোলি থেকে এসেছেন সোয়ানসিতে। ইন্টার মিলানের একরকম ঘরের ছেলে হয়ে যাওয়া এস্তেবান ক্যাম্বিয়াসোও ঠিকানা পাল্টে চলে এসেছেন প্রিমিয়ার লিগে নবাগত লিস্টার সিটিতে। ওদিকে টটেনহামে আগে থেকেই ছিলেন এরিক লামেলা, আর সেভিয়া থেকে এবার যোগ দিয়েছেন ফেদেরিকো ফাজিও। ওয়েস্ট হামের মাউরো জারাতে তো এবার অভিষেকেই গোল পেয়েছেন। ক্রিস্টাল প্যালেসে আছেন জুলিয়ান স্পেরোনি, ওয়েস্ট ব্রমে ক্লদিও জ্যাকব। আর্জেন্টিনার কার্লোস তেভেজ, হাভিয়ের মাচেরানোরাও খেলে গেছেন ইংল্যান্ডে।

কিন্তু কেমন করছেন আর্জেন্টাইনরা? ভেরন নামের প্রতি সুবিচার করতে পারেননি। পরে স্যার অ্যালেক্স ফার্গুসন নিজের আত্মজীবনীতে স্বীকার করেছিলেন, আর্জেন্টাইনদের সামলানো শক্ত কাজ। আগুয়েরো, তেভেজ, জাবালেতারা অবশ্য আলো ছড়িয়ে মুদ্রার উল্টো পিঠও দেখিয়ে দিয়েছেন। আলো ছড়ানোর অপেক্ষায় আছেন ডি মারিয়া, রোহোরা। আর্জেন্টাইন জোয়ারটা আরও লম্বা হবে কি না সেটা নির্ভর করছে এঁদের ওপরেই!