ইংল্যান্ডের ঠান্ডার কারণেই দল ছাড়তে পারেন সালাহ

লিভারপুল ছাড়বেন মোহাম্মদ সালাহ?ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ সালাহ ‘অসুখী’, চলে যেতে পারেন বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদে। গত সপ্তাহে স্পেনের ‘এএস’ পত্রিকাকে সালাহ সাক্ষাৎকার দেওয়ার পর থেকেই লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ডকে নিয়ে শুরু হয়েছে নানা জল্পনাকল্পনা। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ অবশ্য সালাহর ‘অসুখী’ হওয়ার বড় কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। তবে ৩০ বছর পর লিভারপুলকে লিগ শিরোপা এনে দেওয়া কোচ সম্ভাব্য একটা কারণ খুঁজে বের করেছেন যে কারণে সালাহ অ্যানফিল্ড ছাড়তে পারেন। সেই কারণটা হলো আবহাওয়া। ক্লপের বিশ্বাস সালাহ যদি এখন লিভারপুল ছাড়েন, সেটির পুরো দায় ইংল্যান্ডের ঠান্ডা আবহাওয়ার।

ক্লপকে কয়েক দিন ধরেই কথা বলতে হচ্ছে সালাহকে নিয়ে। গত বৃহস্পতিবার তো সাংবাদিকদের বললেন ‘অসুখী’ সালাহ কীভাবে হেসেছেন অনুশীলনে সেটিও। ক্লপকে কথা বলতে হতো কালও। লিভারপুল কোচ বলে দিলেন সালাহকে নিয়ে তিনি কোনো চিন্তা করছেন না, ‘যখন দরকার পড়বে, আমরা সবাই কারণ খুঁজব। কিন্তু এই মুহূর্তে একমাত্র আবহাওয়াটাই কারণ হতে পারে। আর কী কারণই–বা থাকতে পারে?’

আমরা ভালো টাকাপয়সা দিই। বেতন দেওয়ায় আমরা হয়তো বিশ্বসেরা নই, তবে খুব একটা খারাপও নই।
ইয়ুর্গেন ক্লপ, লিভারপুল কোচ

সালাহর লিভারপুল ছাড়তে চাওয়ার অন্য কোনো কারণই দেখেন না ক্লপ, ‘এটি (লিভারপুল) বিশ্বের অন্যতম বড় ক্লাব। আমরা ভালো টাকাপয়সা দিই। বেতন দেওয়ায় আমরা হয়তো বিশ্বসেরা নই, তবে খুব একটা খারাপও নই। আমাদের অসাধারণ একটি স্টেডিয়াম আছে। আছে দারুণ সমর্থক গোষ্ঠী। সারা বিশ্বেই তো আমাদের সমর্থক আছে।’

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ১৩ গোল করেছেন সালাহ।
ছবি: রয়টার্স

ক্লপের বিশ্বাস, লিভারপুলের জার্সির রঙের কারণেও হলে থাকবেন সালাহ, ‘আমাদের রং লাল, সবচেয়ে সুন্দর রং তো এটাই। কাউকে থাকতে আপনি বাধ্য করতে পারেন না, কিন্তু কারণ তো লাগবে। পুরো ব্যাপারটাই সময়ের ব্যাপার, ঠিক সময়টা তো আসতে হবে।’

কিন্তু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা তো বাজপাখির মতো ঘুরে বেড়াচ্ছে সালাহকে ছোঁ মেরে নিতে, এমন আবহে কেমন লাগছে ক্লপের? লিভারপুলের জার্মান কোচ সময় নেননি উত্তর দিতে, ‘আমরা সব সময়ই পরিবর্তনের মধ্য দিয়ে যাই। দরকার হলে খেলোয়াড় আনি, আর কোনো খেলোয়াড় যেতে চাইলে তাকে জোর করে ধরে রাখি না। তবে আমি বুঝতে পারছি না তারা কেন যেতে চাইবে।’

সালাহ ‘অসুখী’—এই কথাটা মানেন না ক্লপ।
ছবি: রয়টার্স

সালাহর রিয়াল–বার্সাকে নিয়ে কথা বলায় দোষের কিছু খুঁজে পাননি ক্লপ, ‘যেসব খেলোয়াড় বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদে খেলছে না, আপনি তাদের জিজ্ঞেস করে দেখুন প্রশ্নটা ‘‘একদিন সেখানে খেলার স্বপ্ন দেখেন?’’, সে কী বলবে; “না! স্প্যানিশটা আমার জন্য নয়।” সে (সালাহ) শুধু বলেছে দেখি কী হয়, আর পুরো ব্যাপারটা লিভারপুলের হাতে। সব তো ঠিকই আছে।’

২৮ বছর বয়সী সালাহর সঙ্গে লিভারপুলের চুক্তি ২০২৩ সাল পর্যন্ত।