ইংল্যান্ডের ত্রাতা ভার্ডি-স্টারিজ

ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে। ওয়েলসের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে ইংল্যান্ড। লেঁসের স্তাদিও ভিয়া দেল মারেতে ‘গড সেভ দ্য কুইন’ স্লোগান তখন কিছুটা স্তিমিত। প্রথমার্ধ শেষে হ্যারি কেন ও রাহিম স্টার্লিংকে উঠিয়ে রয় হজসন নামালেন জেমি ভার্ডি ও ড্যানিয়েল স্টারিজকে। কে জানত, ৪৫ মিনিট পরে এই দুজনের গোলেই ইংল্যান্ড দুর্দান্ত এক জয় পাবে! ওয়েলসকে ২-১ গোলে হারিয়ে ইউরোতে নিজেদের প্রথম জয় পেল। গ্রুপ ‘বি’–এর লড়াইও এখন দারুণ জমজমাট।
অথচ প্রথম ৪৫ মিনিট শেষে ইংল্যান্ডের জয়টা তখন অনেক দূরে মিলিয়ে যাওয়া স্বপ্ন। বল নিজেদের কাছে রাখলেও আক্রমণে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলছিল ইংল্যান্ড। স্টার্লিং সহজ একটা সুযোগ নষ্ট না করলে ম্যাচের শুরুতেই অবশ্য এগিয়ে যেতে পারত তারা। বরং ৪২ মিনিটে ইংলিশদের হতভম্ব করে ফ্রি-কিক থেকে গোল করে এগিয়ে দেন গ্যারেথ বেল।
সেই গোলের জন্য বেলের কৃতিত্ব যতটা, জো হার্টের ‘অবদানও’ তার চেয়ে কম কিছু নয়। রিয়াল মাদ্রিদ উইঙ্গার শটটা হাতেও লাগিয়েছিলেন ইংলিশ গোলরক্ষক। কিন্তু বলটা তাঁর হাতে লেগেই ঢুকে যায় জালে। ১৯৮৪ সালে মার্ক হিউজের পর এই প্রথম ওয়েলসের কেউ ইংল্যান্ডের বিপক্ষে গোল পেলেন।
কিন্তু দ্বিতীয়ার্ধে ভার্ডি-স্টারিজ নেমেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন। একের পর এক আক্রমণের ধারায় ইংল্যান্ড গোল পেল ৫৬ মিনিটে। স্টারিজের ক্রস ওয়েলশ ডিফেন্ডার অ্যাশলি উইলিয়ামসের মাথায় লেগে চলে যায় ভার্ডির কাছে। লেস্টার সিটির রূপকথার নায়ক বলটা জালে জড়িয়ে দিতে ভুল করেননি।
কিন্তু শেষ পর্যন্ত ওয়েলস ড্র নিয়ে মাঠ ছাড়বে বলেই মনে হচ্ছিল। শেষ মুহূর্তে তাদের স্বপ্নভঙ্গ! ভার্ডির সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সের ভেতর ঢুকে পড়লেন স্টারিজ। গোলরক্ষক কিছু বুঝে ওঠার আগেই ডান পায়ের শটে বল জড়িয়ে দিলেন জালে। ইংল্যান্ড পেল স্মরণীয় এক জয়। তাতে শেষ ষোলতে যাওয়ার আশাটা উজ্জ্বলই হলো তাদের।