ইংল্যান্ডের দশে দশ

আগের নয় ম্যাচে জয় সবগুলোতেই। ২০১৬ ইউরোর মূল পর্বও নিশ্চিত হয়ে গেছে। বাছাইয়ের শেষ পর্বের ‘পিকনিক’ ম্যাচ দুটিতে ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছিল একটাই—শতভাগ জয়। বাছাইপর্বের শেষ ম্যাচে পরশু লিথুয়ানিয়াকেও হারিয়ে তাতে দশে দশই পেল রয় হজসনের দল।
জিতেছে স্পেনও। আগের ম্যাচেই বাছাইপর্ব নিশ্চিত করা বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা ইউক্রেনকে হারিয়েছে ১-০ গোলে। এই গ্রুপ থেকে সরাসরি ফ্রান্সের টিকিট পেল স্লোভাকিয়াও। ১৯৯৩ সালে চেকোস্লোভাকিয়া আলাদা হয়ে যাওয়ার পর এই প্রথম মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে স্লোভাকরা।
আগামী বছর ফ্রান্সে আতিথ্য নেওয়া নিশ্চিত করল ২০১৮ বিশ্বকাপের স্বাগতিক রাশিয়াও। তবে মন্টেনেগ্রোর বিপক্ষে রাশিয়ার জয়ে ভাগ্য ঝুলে গেছে সুইডেনের। মলদোভার বিপক্ষে ২-০ গোলেও জিতেও প্লে-অফে খেলতে হচ্ছে ইব্রাহিমোভিচদের।

ভিলনিয়াসে পরশু ‘আক্রমণাত্মক’ লিথুয়ানিয়ার দেখা মিলল শুধু ম্যাচের আগেই। স্বাগতিক দর্শকদের জন্য সংরক্ষিত কিছু আসন ইংলিশদের দখলে যাওয়া নিয়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে কিছুক্ষণ ধস্তাধস্তি হয়েছিল। ম্যাচে অবশ্য সেই উত্তেজনার ছিটেফোঁটাও ছিল না। রস বার্কলে ও অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইনের সঙ্গে আরলাউস্কিসের আত্মঘাতী গোলে ‘আনকোরা’ ইংল্যান্ডের জয়টা এসেছে অনায়াসেই। আগের ম্যাচের একাদশে ৮টি পরিবর্তন করে মাঠে নেমেছিল ইংল্যান্ড।
শতভাগ জয়ের ইংল্যান্ডের কীর্তিটা ইউরো বাছাইয়ে ষষ্ঠ। এর আগে যা গড়েছে ফ্রান্স (১৯৯২ ও ২০০৪), চেক প্রজাতন্ত্র (২০০০), স্পেন (২০১২) ও জার্মানি (২০১২)। ম্যাচ শেষে প্রত্যাশিতভাবেই সন্তুষ্টি ঝরল ইংল্যান্ড কোচ রয় হজসনের কণ্ঠে, ‘আমাদের খেলার মান খুব ভালো ছিল। দশ ম্যাচে দশ জয় বেশ তৃপ্তির। আমরা এ নিয়ে গর্ব করতেই পারি।’
ইউক্রেনের বিপক্ষে ম্যাচটা ছিল এই ম্যাচে স্পেনের অধিনায়ক সেস্ক ফ্যাব্রিগাসের জাতীয় দলে শততম। কিন্তু নিজেই আদায় করা পেনাল্টিটি নষ্ট করে ম্যাচটিকে স্মরণীয় করার সুযোগ হারিয়েছেন এই মিডফিল্ডার। মারিও গাসপারের গোলে অবশ্য মাইলফলকটা জয় দিয়েই উদ্যাপন করতে পেরেছেন তিনি। এএফপি।