ইংল্যান্ডের ব্যর্থতার কারণ বললেন জিদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডকে পরামর্শ দিলেন জিদান। ছবি-এএফপি।
ইংল্যান্ডকে পরামর্শ দিলেন জিদান। ছবি-এএফপি।

সেই ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়। ফুটবলের বৈশ্বিক আসরে ওটাই হয়ে আছে ইংল্যান্ডের সর্বশেষ সাফল্য। এর পর আর কখনো ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালেই যেতে পারেনি, সৌভাগ্য হয়নি ইউরোর ফাইনাল খেলারও। কেন এই ব্যর্থতা?
কারণটা বললেন ফরাসি কিংবদন্তি ও রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। নিজে ১৯৯৮ বিশ্বকাপ জিতেছেন ফ্রান্সের হয়ে। এর দুই বছর পর জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপও। ২০০৬ সালেও ফ্রান্স খেলেছে বিশ্বকাপের ফাইনালে। কেউ কেউ বলেন, ফাইনালে ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিকে সেই ঐতিহাসিক ঢুঁশ মেরে জিদান লাল কার্ড না দেখলে, ওই বিশ্বকাপও ফ্রান্সের হতে পারত!
১৯৯৮ থেকে ২০০৬-এই ৮ বছরে ইংল্যান্ড দলেও খেলেছেন ডেভিড বেকহাম, পল স্কোলস ও স্টিভেন জেরার্ডের মতো ফুটবলার। তারপরেও এই ৮ বছরে বিশ্বকাপ কিংবা ইউরো, কোথাও কোয়ার্টার ফাইনালই পেরোতে পারেনি ইংল্যান্ড। ব্রিটিশ একটি সাময়িকীর সঙ্গে সাক্ষাৎকারে এই ব্যর্থতার একটা কারণ খুঁজে বের করে দিলেন জিদান, ‘‌ফুটবলে মানসিকতা একটা বড় ভূমিকা নেয়। এটা কখনো কখনো বড় বাধা হয়ে যায়।’ তাহলে সমাধান? জিদান উদাহরণ টানলেন স্পেনের, ‘স্পেনও অনেক বছর ব্যর্থতায় ভুগেছে। কিন্তু মানসিকতা পরিবর্তন করেই ওরা দেখিয়ে দিয়েছে কীভাবে ফুটবলবিশ্ব শাসন করা যায়।’‌‌‌‌

দেখা যাক, জিদানের পরামর্শ কতটা কাজে লাগে ইংল্যান্ডের। ইউরো তো খুব বেশি দূরে নয়। গোল ডটকম।