ইংল্যান্ডের মুখ রাখল ম্যানচেস্টার
দুই ম্যানচেস্টার ক্লাবকে একটা ধন্যবাদ দিতে পারে চ্যাম্পিয়নস লিগে খেলা ইংলিশ দলগুলো। গত পরশু পর্যন্ত এবারের চ্যাম্পিয়নস লিগে ছয় ম্যাচের ৫টিতেই হেরেছে তারা। পরাজয়ে মলিন রেকর্ডটাকে একটু ‘ভদ্রস্থ’ করল ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টারের দুই প্রতিবেশীই জিতেছে। তাতেও কী আশ্চর্য মিল! প্রথমে পিছিয়ে পড়েও ইউনাইটেড ও সিটির জয় ২-১ গোলে।
ইংলিশ দলগুলোর ‘ভূত’ যেন এদিন পেয়ে বসেছিল স্প্যানিশ দলগুলোকে। স্পেনের তিনটি দলের মধ্যে জিতেছে শুধু রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে বেনফিকা। আর গতবারের রানার্সআপ জুভেন্টাস হারিয়েছে সেভিয়াকে।
এক বছর বিরতি দিয়ে চ্যাম্পিয়নস লিগ ফিরেছে ইউনাইটেডে। তবে ম্যাচ শুরুর চার মিনিটেই উৎসবমুখর ওল্ড ট্রাফোর্ডকে স্তব্ধ করে দিলেন ভলফ্সবুর্গ মিডফিল্ডার ড্যানিয়েল কালিজুরি। প্রথম ম্যাচে হারের পর এ ম্যাচেও শুরুতেই পিছিয়ে পড়া ইউনাইটেড খেলোয়াড়দের অহমে যেন একটা ধাক্কাই লাগে। একের পর এক আক্রমণের ফলও তাঁরা পেলেন ৩৪ মিনিটে। পেনাল্টি থেকে ইউনাইটেডকে সমতায় ফেরান হুয়ান মাতা। স্প্যানিশ মিডফিল্ডারের সহায়তায়ই আসে জয়সূচক গোল। ৫৩ মিনিটে গোল করেছেন ক্রিস স্মলিং, কিন্তু যে ‘ব্যাক-ফ্লিকে’ বল দিয়েছেন মাতা সেটি চোখে লেগে থাকবে অনেক দিন। ম্যাচ শেষে অবশ্য দলের ‘খুনে মানসিকতা’র অভাব দেখে আক্ষেপ করেছেন ইউনাইটেড কোচ লুই ফন গাল।
৩৭ বছর পর ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফেরা বরুসিয়া ম’গ্লাডবাখ নিজেদের মাঠের প্রথম ম্যাচটিতে হেরে গেছে। হারটা একটু আক্ষেপেরই। ম্যানচেস্টার সিটির বিপক্ষে এগিয়ে গিয়েও প্রথমে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের আত্মঘাতী গোল ও শেষ মিনিটে আগুয়েরোর পেনাল্টি গোলে হারতে হয়েছে। তবে আগুয়েরো নন, সিটির জয়ের নায়ক গোলরক্ষক জো হার্ট। ২০ মিনিটে রাফায়েলের পেনাল্টি ঠেকিয়েছেন, আগে-পরে সেভ করেছেন কয়েকটি।
এই গ্রুপের অন্য ম্যাচে আলভারো মোরাতা ও সিমোনে জাজার গোলে জুভেন্টাস হারিয়েছে সেভিয়াকে। ঘরোয়া লিগে দুঃসময়ের হাত ধরে চলা দলটি ইউরোপে কিন্তু দুর্দান্ত। সিরি ‘আ’তে ১৫তম স্থানে থাকা জুভেন্টাসই কিনা টানা দুই ম্যাচ জিতে ‘গ্রুপ অব ডেথে’র শীর্ষে! মোরাতা অবশ্য দলের সুসময় ফেরাতে চান লিগেও, ‘আমরা খুশি, তবে আমাকে আরও পরিশ্রম করতে হবে। যাতে সিরি ‘আ’তেও গোল করতে পারি।’
এদিকে দুর্গের পতন হলো যেন অ্যাটলেটিকোর। ২০০৯ সালের পর এই প্রথম ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগে হারল দলটি। অ্যাঞ্জেল করেয়ার গোলে এগিয়ে গিয়েও অ্যাটলেটিকো হেরে গেছে বেনফিকার কাছে।
অন্য ম্যাচে পিএসজি ৩-০ গোলে হারিয়েছে শাখতার দোনেৎস্ককে। ইব্রাহিমোভিচ কোনো গোল পাননি, পেলে পলেতার ১০৯ গোলের ক্লাব রেকর্ডটা ছুঁয়ে ফেলতে পারতেন সুইডিশ স্ট্রাইকার। গোলের উদ্যাপনও করেছিলেন। তবে তাঁর শট শাখতার ডিফেন্ডার দারিও সরনার পায়ে লেগে যাওয়ায় সেটি হয়েছে আত্মঘাতী গোল! এএফপি, ইএসপিএন।