ইংল্যান্ডের সঙ্গে ম্যারাডোনার সন্ধি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিয়েগো ম্যারাডোনা
ডিয়েগো ম্যারাডোনা

১৯৮৬ বিশ্বকাপের ‘হ্যান্ড অব গডের’ জন্য ইংলিশরা হয়তো তাঁকে কখনোই ক্ষমা করবে না। ওই কোয়ার্টার ফাইনালের আগে-পরে যা হয়েছিল, তাতে ইংল্যান্ডের সঙ্গে ডিয়েগো ম্যারাডোনার সম্পর্কটা তিক্ততার চরমেই পৌঁছেছিল। সেই ম্যারাডোনাই এবার সম্মান পেলেন ব্রিটিশ রাজপরিবারের কাছ থেকে!
‘ফুটবল ফর ইউনিটি’ নামের একটা বেসরকারি সংগঠন শিশুদের জন্য অনেক দিন থেকেই কাজ করে আসছে। ব্রিটিশ রাজপরিবারের দাক্ষিণ্যপুষ্ট সংস্থাটির লাতিন আমেরিকা অঞ্চলের পরিচালক হয়েছেন এবার ম্যারাডোনা। পরশু ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় আর্জেন্টাইন কিংবদন্তি ব্রিটিশ রাজপরিবারকে ধন্যবাদ দিয়েছেন, ‘রানি ও ব্রিটিশ রাজপরিবার আমাকে লাতিন আমেরিকা ফাউন্ডেশনের জন্য মনোনীত করেছেন। সম্মানটা আমি সানন্দে গ্রহণ করছি।’
এরপরের কথায় একটু স্বভাবসুলভ খোঁচাও মিশে থাকল, ‘অনেক সংগ্রামের পর, অবশেষে আপনারা আমাকে সত্যিকারের একটা মর্যাদা দিয়েছেন। আমি এমন কিছুই চেয়েছিলাম। আপনারা আশ্বস্ত থাকতে পারেন, লাতিন আমেরিকান শিশুদের আমি দেখেশুনে রাখব। আমার ওপর এই আস্থা রাখার জন্যও আমি কৃতজ্ঞ। ৫৫ বছর বয়সে এটা আদর্শ একটা উপহার।’
ফিফা-কেলেঙ্কারিতে ফুটবল জগৎ এখন টালমাটাল। ম্যারাডোনা অবশ্য সরাসরি জানিয়ে দিলেন, ‘আমি সৎ। দুর্নীতিবাজদের সঙ্গে আমার কোনো সংস্রব নেই। শিশুদের জন্য যেটা সবচেয়ে ভালো হবে, সেটাই আমি করব। সেটাই হবে আমার পুরস্কার। রানি ও ব্রিটিশ সংসদকে আমি শুভেচ্ছা জানাচ্ছি।’ গোলডটকম।