ইংল্যান্ডের সেরা মাহরেজ

মাত্রই সোয়ানসি সিটির বিপক্ষে বড় জয় পেয়েছে দল, নিজেও করেছেন এক গোল। ম্যাচ শেষ, সঙ্গে সঙ্গে রিয়াদ মাহরেজ বিমানে উড়ে গেলেন লন্ডনে। সঙ্গী দুই সতীর্থ জেমি ভার্ডি ও এনগোলো কান্তে। উপলক্ষ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। লেস্টার সিটির তিন সতীর্থের সঙ্গে এখানে দৌড়ে আছেন মেসুত ওজিল, দিমিত্রি পায়েট ও হ্যারি কেনও। কিন্তু পুরস্কার যে মাহরেজের হাতেই উঠছে এ নিয়ে কোনো সংশয় কি ছিল?
এটি অনেকটা ‘ওপেন সিক্রেট’ ছিল, গত রোববার আনুষ্ঠানিক ঘোষণাটাই দিল পিএফএ। প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মাহরেজ। মৌসুমজুড়ে রূপকথা লিখে চলা লেস্টার সিটি প্রিমিয়ার লিগে নিজের প্রথম শিরোপার দিকে ছুটছে ক্লদিও রানিয়েরির দল। ১৭ গোল ও ১১ ‘অ্যাসিস্ট’ করে আলজেরিয়ান উইঙ্গারই তো আসল নায়ক। বর্ষসেরার ট্রফিটা সেটিরই স্বীকৃতি।
স্বীকৃতি পেয়েছেন টটেনহাম মিডফিল্ডার ডেলে আলী এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় ও বর্তমান সহকারী কোচ রায়ান গিগস। এই দুজনের অর্জনটাও কম নয়। গত মৌসুমেই ইংলিশ ফুটবলের তৃতীয় বিভাগে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন আলী। এখনো তিনি তরুণই আছেন, তবে এক বছরে দুই ধাপ ওপরে গেছে তাঁর পুরস্কারটা। আর মেরিট অ্যাওয়ার্ড পেয়ে রায়ান গিগস নাম লেখালেন ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের পাশে।
তবে গিগস-আলীদের ছাপিয়ে লন্ডনের গ্রসভেনর হাউসে পরশু সবটুকু আলো স্বাভাবিকভাবেই ছিল মাহরেজের ওপর। সেটি যতটা তাঁর অর্জনের জন্য, ততটাই পেছনের গল্পটার জন্য। একটা সময় পেশাদার চুক্তি পাওয়ার জন্যই অনেক লড়তে হয়েছে মাহরেজকে। জন্মস্থান সার্সেলের ফুটবল একাডেমিরই মূল দলে সুযোগ পাচ্ছিলেন না। কারণ? শারীরিক গড়ন। প্রতিভা ছিল, কিন্তু অনেক দুর্বল আর ধীরগতির ছিলেন আলজেরিয়ান বংশোদ্ভূত তরুণ। তখন কে ভাবতে পেরেছিল, ২০১৬ সালে এসে প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ ফাউলের শিকার হয়েও এভাবে আলো ছড়িয়ে যাবেন এই উইঙ্গার!
ভাবতে পারেননি মাহরেজ নিজেও। ২০১৪ সালে ফ্রেঞ্চ ক্লাব লে হাভ্রে থেকে যখন লেস্টারে আসার সিদ্ধান্ত নিলেন, তখনো তাঁর মনে ছিল দ্বিধা। গত সেপ্টেম্বরে গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন, ‘সবাই বলছিল, “রিয়াদ, ইংলিশ লিগ শারীরিক দিক দিয়ে অনেক বেশি শক্ত।” আমি নিজেও ভাবছিলাম হয়তো ইংল্যান্ডে কখনো খেলাই হবে না।’
ইংল্যান্ডে খেলেছেন, বর্ষসেরাও হয়েছেন। দল হয়ে খেলেই রূপকথা লিখে চলেছে লেস্টার, কিন্তু মাহরেজই দলের হৃৎস্পন্দন। পুরস্কার পেয়ে অবশ্য সতীর্থদের কথাই বেশি করে বললেন মাহরেজ, ‘পুরস্কারটা পেয়ে আমি গর্বিত। তবে এটা ব্যক্তির চেয়েও বেশি দলীয় বিষয়। সতীর্থরা সাহায্য না করলে আমি এটা কখনোই পেতাম না। আমরা সবাই একে অন্যের জন্য লড়ি। ভাইয়ের মতো, মাঠজুড়ে। এটাই আমাদের সাফল্যের মন্ত্র।’
এই মন্ত্রে প্রিমিয়ার লিগের শিরোপাও এসে গেলে পূর্ণতা পাবে মাহরেজের অর্জন। গার্ডিয়ান, এএফপি।