ইংল্যান্ডের হয়েও থাই ক্লাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাগ থেকে যদি ভালো কিছু হয়, দাগই কি ভালো? ‘ভালো কিছু’ অবশ্যই হয়েছে, তবে ‘দাগ’টা এবার চাইছেন না ভিচাই শ্রীবদ্ধনপ্রভা। তিনি যা বলছেন সেটার মোদ্দাকথা এই, ‘এবার আর কেলেঙ্কারি কোরো না বাছারা!’ অথচ এই কেলেঙ্কারিই তো পরোক্ষ ‘অবদান’ রাখল লেস্টার সিটির রূপকথায়!

তিন বছরের জার্সি স্পনসরের চুক্তিটা আরও বড় রূপ নিয়ে মাত্র কয়েক বছর আগে লেস্টারের মালিকানা কিনে নিয়েছিলেন ভিচাই। শুল্কমুক্ত পণ্যের ব্যবসা ‘কিং পাওয়ার’ তাঁকে আসলেই যেন ‘কিং’ বানিয়ে দিয়েছিল। এশিয়ান ধনকুবেরদের বিনিয়োগের নতুন জায়গা এখন ইংলিশ ফুটবল। ভিচাইও লেস্টারে বিনিয়োগ করেছেন, সত্যি বলতে কি, বড় কিছুর প্রত্যাশা না করেই।

আর তাই তো গতবার লেস্টার কোনোক্রমে অবনমন এড়ানোতেই ভিচাই ছিলেন মহা খুশি। সেটাই যে তখন ক্লাবের বিরাট সাফল্য। খুশি হয়ে ক্লাব মালিক পুরো দলকে উড়িয়ে আনলেন থাইল্যান্ডে। উদ্দেশ্য অবশ্য ছিল, থাই জনগণের মধ্যে ক্লাবটিকে পরিচিত করানো, সম্ভব হলে একটু সমর্থক গোষ্ঠী তৈরি...কোথায় কী, উল্টো থাইল্যান্ডে সবচেয়ে ঘৃণিত দলগুলোর একটি হয়ে যাওয়ার দশা হলো লেস্টারের!

সেবার হোটেলে খেলোয়াড়দের একটা ‘সেক্স টেপ’ ফাঁস হয়ে গেল। যেখানে দলের খেলোয়াড়দের থাইদের চোখ-নাক ও শারীরিক আকার নিয়ে বর্ণবাদী সব মন্তব্য করতে শোনা গেল। যায় কোথায়, ফুঁসে উঠল সবাই। টালমাটাল!

গতবার রেলিগেশন এড়ানোর ‘সাফল্য’ এনে দিলেও কোচসহ বরখাস্ত হলো বেশ কজন খেলোয়াড়। এই ওলটপালটেই নতুন কোচ হিসেবে এলেন ক্লদিও রানিয়েরি। বাকি গল্পটা? এ যে সিনডারেলার চেয়েও বড় এক রূপকথা। সত্যিকারের দুনিয়ায় ঘুঁটেকুড়ানির রাজকন্যা হয়ে যাওয়ার গল্প! মৌসুমের শুরুতেও যে লেস্টারের নামে দুয়োধ্বনি উঠেছে ব্যাংককে, এখন সেখানেই জয়ধ্বনি। যে লেস্টারের থাই ফেসবুক ফ্যানপেজে মেরেকেটে পাঁচ-ছয় হাজার ভক্ত ছিল, সেটারই সংখ্যা এখন প্রায় সাড়ে ৬ লাখ!

শুধু তা-ই নয়, থাইল্যান্ডের জনগণ এখন সগর্বে ঘোষণা করছেন, ইংলিশ প্রিমিয়ার লিগ তো থাইল্যান্ডই জিতল! সত্যি বলতে কি, গত পরশু লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে ইংল্যান্ডের চেয়ে থাই পতাকাই চোখে পড়ল বেশি। ব্রিটেনের মিডল্যান্ডের চেয়েও বেশি উৎসব হলো যেন ৯ হাজার কিলোমিটার দূরের একটি দেশে। যেখানে বড় ব্যানারে লেখা ছিল: ‘লেস্টার সিটি—থ্যাইল্যান্ডের দল’।

লেস্টারের ইতিহাসকেও বলা হচ্ছে থাইল্যান্ডের ইতিহাস। একসময়ের ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থক, পেশায় ফার্মাসিস্ট খাম্পি জিরাউইনিত বললেন, ‘আমি খুবই খুশি থাইরা বড় কিছু করে দেখাতে পেরেছে এ জন্য, লেস্টার পৃথিবীর কাছে থাইদের পরিচিত করে তুলেছে এ জন্য।’

লেস্টারের কারণেই ভিচাই, তাঁর প্রতিষ্ঠান কিং পাওয়ার তো বটেই; বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে ব্যাংককের এক বৌদ্ধমন্দিরও। যে মন্দিরের পুরোহিতদের কাছ থেকে আশীর্বাণী নিয়েই ভিচাই উড়ে যেতেন ইংল্যান্ডে। ভিক্ষুদের আশীর্বাদ করা সেসব পতাকা এখন নাকি ১০ হাজার বাথেও বিক্রি হচ্ছে, মন্দিরে হাজারো পুণ্যার্থীর ভিড়।

কিছুদিনের মধ্যে সেই ধূপ-ধুনো গন্ধের ভিড়ে লেস্টারের খেলোয়াড়দেরও দেখা যাবে নিশ্চয়ই। গতবার থাইল্যান্ডে পুরো দল এসেছিল নীরবে, বিদায় নিয়েছিল শোরগোলে। এবার তাঁদের স্বাগত জানানো হবে বীরের বেশে। মাহরেজ-ভার্ডিদের জন্ম যেখানেই হোক, প্রত্যেকেই এখন একেকজন থাই-বীর! সূত্র: এএফপি।