ইউক্রেন মানেই জার্মানির অস্বস্তি
র্যাঙ্কিংয়ের ৪ নম্বর বনাম ১৯ নম্বর। একটা দল রেকর্ড তিনবার ইউরোর সিংহাসনে বসেছে, আরেকটা দল সেই ইউরোর রাজ্যপাটেই পা রেখেছে মাত্র একবার। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সামনে ইউক্রেনের তো বাধা হওয়ারই কথা নয়। কিন্তু জার্মানির জয়ের সম্ভবনা নিয়ে অনুচ্চারে হলেও প্রশ্ন উঠছে কেন?
বরাবরের মতোই এবারো ইউরোর অন্যতম ফেবারিট জার্মানি। তার ওপর তারা এসেছে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে। কিন্তু বিশ্বসেরার মুকুট পরার পর থেকেই যেন উল্টো দিকে চলতে শুরু করেছে জার্মানি। ইউরোর বাছাইপর্বটা খুব মসৃণ হয়নি, পোল্যান্ড ও আইসল্যান্ডের মাঠে গিয়ে হেরে আসতে হয়েছে। গত মার্চে প্রীতি ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের কয়েক দিন পর স্লোভাকিয়ার কাছেও পরাজয়। জার্মানিকে যেন গত কিছুদিনে ঠিক জার্মানি বলে চেনা যাচ্ছে না।
অবশ্য চোটও তাদের গায়ে থাবা বসিয়েছে। মার্কো রয়েস টুর্নামেন্ট শুরুর আগেই বাদ, দল দেওয়ার পর চোট কেড়ে নিল রোমা ডিফেন্ডার আন্টোনিও রুডিগারকে। রক্ষণে দীর্ঘদিনের ভরসা ম্যাটস হামেলসকে আজ হয়তো পুরো ফিট না থাকা সত্ত্বেও নেমে পড়তে হতে পারে। অধিনায়ক বাস্তিয়ান শোয়েনস্টাইগারের ফিটনেস নিয়েও সংশয় আছে। ইউক্রেনের আক্রমণের দুই তির ইয়েভেন কোনোপ্লাঙ্কিয়া ও আন্দ্রি ইয়ারমলেঙ্কো জার্মান রক্ষণের ভালো একটা পরীক্ষাই নিতে পারেন আজ। জার্মানির গোল করার লোকেরও তো অভাব। অনেক দিন থেকেই বিশ্বমানের স্বীকৃত স্ট্রাইকারের অভাবে ভুগছে জার্মানি। মারিও গোটশের কাঁধেই হয়তো আজ বড় দায়িত্ব থাকবে গোল করার।
কোচ জোয়াকিম লো অবশ্য জার্মানিকে বহুদিন পর এই ট্রফিটা এনে দিতে মরিয়া, ‘অনেক দিন ধরেই আমি জার্মানির কোচ। এত সব প্রীতি ম্যাচ ও বাছাইপর্ব খেলার পর এই টুর্নামেন্টই এখন আমাদের কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস। আমরা নিজেদের আরও একবার প্রমাণ করতে চাই।’ ইতিহাস আশাই দেবে জার্মানিকে, ইউক্রেনের সঙ্গে পাঁচবারের দেখায় একবারও হারেনি, জিতেছে দুবার।
আজ জার্মানি-ইউক্রেন ম্যাচের ওপরই সবার চোখ, কিন্তু আজ ক্রোয়েশিয়া-তুরস্ক ম্যাচটিও রোমাঞ্চ ছড়াতে পারে। কে বলতে পারে ২০০৮ ইউরোর কোয়ার্টার ফাইনালের পুনরাবৃত্তি হবে না! ৯০ মিনিটে ক্রোয়েশিয়া এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে সমতা ফিরিয়েছিল তুরস্ক। ম্যাচটা জিতে নিয়েছিল তুরস্কই। ক্রোয়েশিয়া স্ট্রাইকার মারিও মানজুকিচ ওই ম্যাচটা মনে রাখছেন না, ‘২০০৮ সালে কী হয়েছে সেটা নিয়ে পড়ে থাকলে আমাদের চলবে না। এটা নতুন ম্যাচ, সবকিছুই এখানে আলাদা।’
আজ ইউরোতে অভিষেক হচ্ছে উত্তর আয়ারল্যান্ডেরও। প্রতিপক্ষ পোল্যান্ডের সঙ্গে তাদের প্রথম পরীক্ষাটা সহজ হবে না। বাছাইপর্বে সবচেয়ে বেশি ৩৩ গোল করেছিল পোল্যান্ডই। তবে উত্তর আয়ারল্যান্ডের কোচ মার্টিন ও’নিল হুমকি দিয়েছেন পোল্যান্ডকে, ‘আমাদের সঙ্গে খেলার অভিজ্ঞতা হবে ভয়াবহ। আমরা প্রাণপণে দৌড়াব, বলের দখল ছাড়ব না। পরিসংখ্যানকে মিথ্যা প্রমাণ করব।’ সেটা করতে পারলে তো দারুণ একটা লড়াই দেখা যাবে। এএফপি, রয়টার্স।
ইউরোয় আজকের খেলা
তুরস্ক-ক্রোয়েশিয়া
পোল্যান্ড-উত্তর আয়ারল্যান্ড
জার্মানি-ইউক্রেন
* দেশের বাইরে কখনো ইউক্রেনকে হারাতে পারেনি জার্মানি
* ইউরোর গ্রুপ পর্বের সর্বশেষ ছয় ম্যাচে মাত্র একবার হেরেছে ক্রোয়েশিয়া
* ইউরোতে ছয় ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি পোল্যান্ড