ইউক্রেনে রাশিয়ার হামলা দেখে ছোটবেলার দুঃস্বপ্ন মনে পড়ছে তাঁর

জীবন বাঁচাতে ইউক্রেনের অনেকেই আশ্রয়ের জন্য পোল্যান্ডে যাচ্ছেন, এভাবেই নিজের অঞ্চল ছেড়ে পালাতে হয়েছিল মদরচিকেছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯০ সালের ভিডিওটা এখন অনেক পরিচিত। ফুটফুটে পাঁচ বছরের এক শিশু পোষা ছাগলদের পাথুরে পাহাড়ের মধ্য দিয়ে ঘরে ফিরিয়ে নিচ্ছে। সে শিশুর জীবনে তখন পর্যন্ত সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম নেকড়ে বাঘ। তাদের সামনে দিয়ে পোষা প্রাণীগুলোকে নিরাপদে ঘরে ফেরাতে পারলেই খুশি সে। সোনালি চুলের সেই ফুটফুটে শিশুই রিয়াল মাদ্রিদ ও ক্রোয়েশিয়ার মাঝমাঠের প্রাণভোমরা, লুকা মদরিচ।  

মদরিচের জীবনটা বদলে গেছে পরের বছরই। ১৯৯১ সালে ক্রোয়েশিয়ার স্বাধীনতাযুদ্ধ তাঁদের বাস্তুহারা করে। জীবন বাঁচাতে বন ও পাহাড়ের মধ্য দিয়ে পালায় মদরিচের পরিবার। সে সময়টুকু অনেক আগেই পার করে এসেছেন মদরিচ। ফুটবল প্রতিভা তাঁকে সাফল্যের চূড়ায় নিয়েছে। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগে জিতেছেন চারবার। ক্রোয়েশিয়ার অধিনায়ক হয়ে দেশকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। কিন্তু এখনো যুদ্ধদিনের স্মৃতি তাঁকে কাঁপিয়ে দেয়। আর কোনো শিশু এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাক, সেটা চান না মদরিচ। ইউক্রেনে রাশিয়ার চলমান হামলার বিরুদ্ধে তাই মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার।

কিয়েভে প্রায় পৌছে গেছে রাশিয়া
ছবি: রয়টার্স

গতকাল লা লিগায় খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়োকানোর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে রিয়াল। তাদের জয়ের ব্যবধান বাড়াতে দেননি রিয়ালেরই সাবেক খেলোয়াড় লুকা জিদান। একসময় রিয়ালের বিকল্প গোলকিপারের দায়িত্ব পালন করা জিনেদিন জিদানের দ্বিতীয় পুত্র কাল অসাধারণ খেলেছেন। ওদিকে রিয়াল তাদের বর্তমান বিকল্প গোলকিপারকে মাঠেই নেয়নি।

বিকল্প সেই গোলকিপার ইউক্রেনিয়ান আন্দ্রিই লুনিনকে ছুটি দিয়েছিল রিয়াল। ইউক্রেনে হামলা শুরু হওয়ার পর থেকেই তাঁকে যতটা সম্ভব মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করছে ক্লাব। দেশে প্রিয়জনেরা যখন সারাক্ষণ মিসাইল, বোমা আর গুলির ভয়ে দিন কাটাচ্ছেন, তখন কারও পক্ষে মাঠে মনোযোগ দেওয়া কঠিন। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটন-ম্যানচেস্টার সিটি ম্যাচেই যেমন বেঞ্চে বসে থাকলেও মাঠে নামা হয়নি সিটির ওলেকসান্দর জিনচেঙ্কো ও এভারটনের ভিতালি মাইকোলেঙ্কোর। ম্যাচের আগে এ দুজনের আলিঙ্গন ও একে অন্যকে সাহস জোগানোর দৃশ্যও চোখে জল এনে দিয়েছে অনেকের।

মদরিচ কাল ম্যাচ শেষে যুদ্ধ নিয়ে কথা বলেছেন
ছবি: রয়টার্স

কাল ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট আদায় করা শেষে রিয়ালের তারকারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে মন দিয়েছেন। মিডফিল্ডার টনি ক্রুস টুইট করেছেন, ‘গুরুত্বপূর্ণ জয়। কিন্তু আবারও দেখছি ফুটবল কত অগুরুত্বপূর্ণ। আজকের দিনেও এমন কিছু হতে পারে, আমি কিছুতেই বিশ্বাস করতাম না। এখন যারা ভয়ে দিন পার করছে এবং এই যুদ্ধের নিরীহ ভুক্তভোগী, তারা সবাই আমার ভাবনাজুড়ে আছে।’

এই আধুনিক যুগে যুদ্ধ হতে পারে, এটা বিশ্বাস হচ্ছে না ক্রুসের। কিন্তু তাঁর মাঝমাঠের সঙ্গী মদরিচ তো সেই ছোট্টবেলায় চোখের সামনে যুদ্ধ দেখেছেন। দাদার সঙ্গে মিল রেখে নাম রাখা হয়েছিল তাঁর। নিজের পরিবারের নামের গ্রামে বেড়ে ওঠা, পাহাড়ে নির্বিবাদে ঘুরে বেড়ানো সেই শিশু পরের বছর চোখের সামনে তাঁর দাদাকে হারিয়েছেন।

২০১৮ সালে ফুটবল ক্লাব এনকে জাদারের ক্রীড়া পরিচালক ইয়োসিপ বাজিলোর কথায় সে ভয়ংকর সময়টা ফুটে উঠেছিল, ‘লুকা নিজের চোখের সামনে দেখেছে তার দাদাকে কীভাবে হত্যা করা হয়েছে। ওদের আর কোনো উপায় ছিল না। খুন হওয়ার হাত থেকে বাঁচতেই পাহাড় ও বনের মধ্য দিয়ে পালাতে হয়েছিল তাদের।’

জার্মানিতে যুদ্ধবিরোধী র‍্যালিতে পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করা হয়েছে
ছবি: রয়টার্স

জাদারে পালিয়ে মদরিচরা আশ্রয় নিয়েছিলেন হোটেল কোলোভারেতে। সাত বছর সেখানেই কাটানো মদরিচ যুদ্ধের ভয়াবহতা ভুলতেই ফুটবল খেলা শুরু করেছিলেন। ছোট্ট লুকার দক্ষতা চোখে পড়ে হোটেলের কর্মচারীদের। তাঁরাই এনকে জাদারকে জানায় এই প্রতিভার কথা। ক্লাব সভাপতি সভেতকো কুস্তিচের এখনো মনে আছে, ‘৭ কি ৮ বছর বয়স তখন ওর, বলটা নিয়ে ২০ বছরের ফুটবলারদের মতো জাগল করছিল।’

ইউক্রেনে রাশিয়ার হামলার পর সেদিনগুলোর কথাই আবার মনে পড়ে গেছে মদরিচের। কাল তাই ম্যাচ শেষে দ্রুত এই অহেতুক যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন, ‘আমি যুদ্ধের মাঝে বেড়ে উঠেছি, চাই না এ ভাগ্য আর কারও হোক। নিরপরাধ মানুষের যেখানে মৃত্যু হয়, এমন ফালতু ব্যাপার থামাতে হবে। আমরা শান্তিতে বাঁচতে চাই। যুদ্ধ থামান।’

বিশ্বনেতারা কি শুনছেন?