ইউনাইটেড খেলোয়াড়দের লিগ জয়ের অভিজ্ঞতাই নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুই ফন গালের দাবি, ইউনাইটেডের খেলোয়াড়দের লিগ জয়ের অভিজ্ঞতা নেই। ছবি: এএফপি।
লুই ফন গালের দাবি, ইউনাইটেডের খেলোয়াড়দের লিগ জয়ের অভিজ্ঞতা নেই। ছবি: এএফপি।

ইংলিশ লিগের সর্বকালের সফলতম দল তারা। অথচ ম্যানচেস্টার ইউনাইটেড গত কয়েক বছর ধরে শিরোপা-দৌড়েই নেই। এই ব্যর্থতার কারণ কী, সেটা নিয়ে তর্ক হতে পারে। তবে ইউনাইটেড কোচ লুই ফন গাল দাবি করছেন, শিরোপার অভিজ্ঞতার অভাবেই ইউনাইটেড এখন ভুগছে!
কথাটা শুনে ভিরমি খেতে পারেন। এখন ইউনাইটেডের শীর্ষ চারে থাকা নিয়ে সংশয়, অথচ তিন মৌসুম আগেই তারা চ্যাম্পিয়ন হয়েছিল। আর সেটা ফন গাল বেমালুম ভুলে বসেন আছেন! ওই মৌসুমে শিরোপাজয়ী দলের গোলরক্ষক ছিলেন ডেভিড ডি গিয়া। ফন গালের সেটা মনেই নেই, ‘আমার মনে হয় আমাদের খেলোয়াড়েরা শিরোপাজয়ের সঙ্গে অভ্যস্ত নয়। মাত্তেও ডারমিয়ানের সেই অভিজ্ঞতা নেই। ডি গিয়াও কখনো চ্যাম্পিয়ন হয়নি।’
ফন গালের ‘বিস্মৃতি-রোগের’ এখানেই শেষ নয়। এই দলের ওয়েইন রুনি, মাইকেল ক্যারিক ইউনাইটেডে আসার পর থেকেই সম্ভাব্য সব সাফল্যের দেখা পেয়েছেন। ইংলিশ লিগই জিতেছেন পাঁচবার। অথচ ফন গালের সেসব ভুলে বসে আছেন, ‘রুনি, ক্যারিক এক বার চ্যাম্পিয়ন হয়েছে। কিংবা তার বেশিও হতে পারে।’ 

অথচ এই দলের রুনি, ক্যারিক, ডি গিয়াদের বাদ দিলেও ভ্যালেন্সিয়া, জোনস, স্মলিং, ইয়াং-সবারই লিগ জয়ের অভিজ্ঞতা আছে। আর ডিপাই, শোয়েনস্টাইগার, ফেলাইনি, ব্লিন্ডরাও লিগ জয়ের অভিজ্ঞতা নিয়েই ইউনাইটেডে এসেছেন। ফন গালের সেসবও কিছুই মনে নেই!