ইউনাইটেড-চেলসির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মনে হচ্ছে না চোটটা গুরুতর কিছু।’

ম্যাচ শেষে হোসে মরিনহোর কথাটাই স্বস্তি দেবে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের। অন্তত এক সপ্তাহের বেশি মাঠের বাইরে থাকতে হচ্ছে না হেনরিক মেখিতারিয়ানকে।

আর একটু হলেই যে টটেনহামের সঙ্গে ১-০ গোলের জয়ের স্বাদটা তেতো হয়ে যেতে বসেছিল ইউনাইটেডের। গোল করে দলকে জিতিয়েছেন মেখিতারিয়ান, গত কিছুদিন ধরে খেলছিলেনও দুর্দান্ত। সেই তিনিই কিনা দ্বিতীয়ার্ধে চোট পেয়ে চলে গেলেন মাঠের বাইরে। 

কাল চেলসিও জিতেছে ১-০ গোলে। ডিয়েগো কস্তার একমাত্র গোলে ওয়েস্ট ব্রমকে হারিয়েছে আন্তোনিও কন্তের দল। এ নিয়ে লিগে টানা নয় ম্যাচে জিতল চেলসি। ৩৭ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষেও। অন্য ম্যাচে ঘরের মাঠে ওয়েস্ট হামের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল।

ওল্ড ট্রাফোর্ডে কাল জয়টা বেশি করেই চাইছিলেন মরিনহো। লিগে আগের তিন ম্যাচেই যে ইউনাইটেড দেখেছে ১-১ গোলের ড্র। তবে কাল আর তা হয়নি। ম্যাচের ২৯ মিনিটে মেখিতারিয়ানের দুর্দান্ত গোল এগিয়ে দেয় ইউনাইটেডকে। মরিনহোর তৃপ্তি, শেষ কয়েকটি ম্যাচের মতো এবার আর জয়টা হাতছাড়া হতে দেননি ডিফেন্ডাররা। 

চেলসি কোচ কন্তে ধন্যবাদ দেবেন কস্তাকে। ম্যাচজুড়ে কাল চেলসিকে অনেকটাই ‘বন্দী’ করে রেখেছিল ওয়েস্ট ব্রম। তা থেকে ব্লুদের মুক্তি দেন কস্তা, ৭৬ মিনিটে একক প্রচেষ্টার দুর্দান্ত গোলে।

তবে বড় এই দুটি দল জিতলেও পারেনি লিভারপুল। পাঁচ মিনিটে অ্যাডাম লালানার গোলে এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের দল। কিন্তু এরপরই জোড়া আঘাত হানে ওয়েস্ট হাম। ২৮ মিনিটে দিমিত্রি পায়েতের গোলে সমতা, ১১ মিনিট পর মিখাইল আন্তোনিওর গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্লাভেন বিলিচের দল। ৪৮ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান অরিগি। তবে শেষ দিকে আক্রমণের বন্যা বইয়েও আর জয় পায়নি। স্টার স্পোর্টস।