‘ইউনাইটেড চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্য নয়’

ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিগ কাপের অভিযান শেষ, শেষ হয়ে গেছে এফএ কাপের দৌড়। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড ছিটকে পড়েছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকেও। লিগের শিরোপা দৌড় থেকে অনেক আগেই বহু দূরে চলে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। ওল্ড ট্রাফোর্ডের দলটির সমর্থকদের এখন একমাত্র আশা ইউনাইটেডকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে দেখা। কাল এভারটনের কাছে ১-০ গোলের হারে সেই আশাতেও লেগেছে বড় ধাক্কা। ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিক মনে করেন, এভাবে খেললে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ প্রাপ্যই নয় তাদের!

আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে শীর্ষ চারে থেকে লিগ শেষ করতে হবে ইউনাইটেডকে। সেটা কতটা সম্ভব, তা বুঝতে হলে তাকাতে হবে এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায়। এই মুহূর্তে ৩১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহাম। ৩০ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আর্সেনাল। আর ষষ্ঠ স্থানে থাকা ওয়েস্ট হামের পয়েন্ট ৩১ ম্যাচে ৫১। অর্থাৎ টটেনহামের সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে আরও এগিয়ে যেতে মাত্র ৭ ম্যাচ সময় পাবে ইউনাইটেড।

আরও পড়ুন
এভারটনের বিপক্ষে প্রথমার্ধে দুটি গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি মার্কাস রাশফোর্ড
ছবি: রয়টার্স

হিসাবটা ইউনাইটেডের জন্য কঠিনই হয়ে গেছে। কিন্তু দলটির সমর্থকেরা কি এত সহজে আশা ছাড়বেন! রোনালদো-রাশফোর্ডরাও নিশ্চয়ই চেষ্টা করে যাবেন শেষ পর্যন্ত। কিন্তু ইউনাইটেডের জার্মান কোচ রাংনিক এভারটনের কাছে হেরে যাওয়া ম্যাচ শেষে একটা সতর্কবাণীই যেন দিলেন, ‘যদি এভাবে খেলতে থাকি তাহলে আমাকে বলতে হবে আমরা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্য নই।’

এভারটনের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো পুরোটা সময় খেললেও সেভাবে আলো ছড়াতে পারেননি। জেডন সানচো, ব্রুনো ফার্নান্দেজ ও মার্কাস রাশফোর্ডরাও নিজেদের ছায়া হয়েই ছিলেন। অবনমনের শঙ্কায় থাকা এভারটনের বিপক্ষেও ইউনাইটেডের আক্রমণভাগ ছিল নিষ্প্রভ। রক্ষণটাও তেমন জমাট ছিল না। আর মাঝমাঠেও যথারীতি ছিল ছন্নছাড়া ভাব। সব মিলিয়ে ইউনাইটেডের খেলোয়াড়দের মধ্যে যেন জয়ের ইচ্ছাটাই খুঁজে পাচ্ছেন না রাংনিক। ম্যাচ শেষে তাই তো বলেছেন, ‘খেলোয়াড়দের মধ্যে আন্তর্জাতিক ফুটবল আর চ্যাম্পিয়নস লিগে খেলার ইচ্ছা থাকতে হবে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলতে হলে আপনাকে এমন একটি ম্যাচে ৯৫ মিনিটের মধ্যে গোল করতে হবে।’

এভারটনের বিপক্ষে ম্যাচটি কাল এমন হতাশায়ই কেটেছে রোনালদোদের
ছবি: রয়টার্স

এভারটন নিজেদের মাঠে কাল খেলতে নেমেছিল বার্নলির কাছে ৩-২ গোলে হেরে যাওয়ার ধাক্কা নিয়ে। অবনমন এড়ানোর লড়াই যাদের সঙ্গে, সেই বার্নলির কাছে হারের কারণে অনেকটাই বিধ্বস্ত ছিল এভারটন। কিন্তু ইউনাইটেড সেটি কাজে লাগাতে পারেনি। রাংনিক হারের দায় চাপালেন ফরোয়ার্ডদের ওপর, ‘এভারটনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বার্নলির কাছে ৩ গোল খাওয়া একটি দলের বিপক্ষে যে দল গোল করতে পারে না, সেই দলের কাছে আপনি কিছু আশা করতে পারেন না।’

এভারটনের কাছে হারের পর শীর্ষ চারে থেকে লিগ শেষ করা যে এভারেস্টের চূড়ায় ওঠার মতো কঠিন এক কাজ হয়ে গেছে, ইউনাইটেডের গোলকিপার দাভিদ দে হেয়ার কথায়ও বেরিয়ে এল তা, ‘আমরা যথেষ্ট ভালো খেলতে পারিনি। এখন শীর্ষ চারে থাকাটা আমাদের জন্য খুব কঠিন। আমরা (এভারটনের বিপক্ষে) গোল করতে পারিনি। এমনকি গোলের পরিষ্কার সুযোগও তৈরি করতে পারিনি। ওদের মধ্যে ম্যাচ জয়ের মরিয়া ভাব আমাদের চেয়ে বেশি ছিল। এটা মেনে নেওয়া যায় না।’

আরও পড়ুন