
গত মৌসুমে লিগে ম্যাচ খেলেছিলেন ১৮টি, এবার একটিও নয়। অন্যান্য প্রতিযোগিতায় দুই মৌসুম মিলিয়ে ১৭টি ম্যাচ। ম্যানচেস্টার ইউনাইটেডে সময়টা বাস্তিয়ান শোয়েইনস্টাইগারের মোটেও ভালো কাটেনি। অতৃপ্তি নিয়েই ইউনাইটেড ছাড়ছেন ৩২ বছর বয়সী জার্মান মিডফিল্ডার, যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) দল শিকাগো ফায়ারে।
হোসে মরিনহো এই মৌসুমে ইউনাইটেড কোচ হয়ে আসার পরই দলে ব্রাত্য হয়ে পড়েন শোয়েইনস্টাইগার। এটিই হয়তো তাঁর ইউনাইটেড ছাড়ার মূল কারণ। শোয়েইনি বলেছেন, ‘ক্যারিয়ারজুড়েই এমন সুযোগ খুঁজেছি, যেখানে ইতিবাচক প্রভাব রাখতে পারব, দুর্দান্ত কিছুতে সাহায্য করতে পারব। শিকাগোতে আসার কারণও ভিন্ন নয়।’
তবে শিকাগোতে যে শোয়েইনস্টাইগার ‘সুপারস্টার’ হিসেবে যাচ্ছেন, সেটি নিশ্চিত। অন্য কিছু বাদ দিন, ২০১৪ বিশ্বকাপজয়ী তারকার টুইটার অনুসরণকারীই তো শিকাগোর জনসংখ্যার চেয়ে ১২ লাখ বেশি! রয়টার্স।