ইউনাইটেড না সিটি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৩ বছরের জীবনে অনেক কিছুই দেখেছেন। বার্সেলোনার হয়ে এল ক্লাসিকোর তুঙ্গস্পর্শী রোমাঞ্চের স্বাদ পেয়েছেন। আয়াক্সের হয়ে ফেইনুর্ডের বিপক্ষে ডে ক্লাসিক, বায়ার্ন-ডর্টমুন্ডের ডার ক্লাসিকারের অভিজ্ঞতা আছে। ম্যানচেস্টার ডার্বির আগে হয়তো সেভাবে রোমাঞ্চ ছুঁয়ে যাবে না লুই ফন গালকে। তার পরও ডার্বি বলে কথা! আজ ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচটা তাই ইউনাইটেডের নতুন কোচের জন্য নতুন একটা পরীক্ষাও।
অথচ বছর দশেক আগেও এই দ্বৈরথ ছিল অনেকটা জোলো। সিটির আকাশি নীল-জার্সিতে তখন পেট্রোডলারের রঙিন ছোপ লাগেনি। আরব ধনকুবেরদের কল্যাণে পর্ণকুটিরের সেই সিটি আজ বাস করছে বৈভবের প্রাসাদে। গত তিন বছরে দুবার জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগ, তারা এখন পরাশক্তিই বটে। একসময় ধারে-ভারে তারা প্রতিবেশী ইউনাইটেডের কাছে পাত্তাই পেত না। এখন তারা ছেড়ে তো কথা বলেই না, বরং তাদের গলাতেই জোর যেন বেশি শোনা যায়। গত তিন ম্যাচে তো প্রতিবেশীদের তারা ভালোভাবেই হারিয়েছে। ফন গালকে কি ব্যাপারটা পীড়া দেয়? ইউনাইটেড কোচ সিটির এই আধিপত্যে কিন্তু ঈর্ষান্বিত নন, ‘আমি ম্যানচেস্টার সিটিকে নিয়ে হিংসায় ভুগছি না। আমি নিজের খেলোয়াড়দের নিয়ে গর্বিত, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের জেতার ভালো সুযোগই আছে।’
তবে ফন গালের ভাগ্যই বলতে হবে, প্রতিবেশীরা বেশ নাজুক অবস্থায় রয়েছে। গত তিনটি ম্যাচই জয়হীন কেটেছে সিটির, এর মধ্যে শেষ দুটিতে তো হেরেই গেছে। তার ওপর এই মৌসুমে তাদের সেরা খেলোয়াড় ডেভিড সিলভা চোটের কারণে আজ খেলতে পারছেন না। ফন গাল অবশ্য বিস্ময়করভাবে প্রতিবেশীদের পক্ষে সাফাই গাইলেন, ‘হয়তো শেষ তিনটি ম্যাচে ভাগ্য ঠিক তাদের পক্ষে ছিল না। সিএসকেএ মস্কোর সঙ্গে তারা এগিয়ে থেকেও ড্র করেছে। আমরাও কিন্তু লেস্টার সিটির সঙ্গে ৩-১ গোলে এগিয়ে গিয়েও ৫-৩ গোলে হেরেছি। এটা অবশ্যই বড় একটা হতাশা। কিন্তু ডার্বি আলাদা একটা ম্যাচ, এখানে কী হবে আগে থেকে কিছু বলতে পারেন না।’
ইউনাইটেডও যে খুব একটা স্বস্তিতে আছে, তা নয়। নয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা আছে আটে, চার পয়েন্ট এগিয়ে সিটি আছে তিনে। আজ হেরে গেলে শীর্ষে থাকা চেলসির সঙ্গে ব্যবধান আরও বেড়ে যাবে। ফন গাল অবশ্য একটা সুসংবাদ পাচ্ছেন, নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক ওয়েইন রুনি। তবে চোটের কারণে রাদামেল ফ্যালকাওয়ের নামা হবে না আজ। এএফপি।