ইউনাইটেড নিয়ে স্মৃতিকাতর রোনালদো

ওল্ড ট্রাফোর্ড ছেড়েছেন সাত বছরেরও বেশি হয়ে গেছে। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর হৃদয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য যে ভালোবাসা, সেটায় মরচে পড়েনি একটুও। এখনো কোথাও কোনো আলাপে ইউনাইটেডের প্রসঙ্গ এলে স্মৃতিকাতর হয়ে যান রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার। ফিরে যান সেই দিনগুলোতে। তাঁর জন্য নাইকির বানানো নতুন বুটের উন্মোচন অনুষ্ঠানে যেমন আরও একবার আবেগাপ্লুত হয়ে গেলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। এই যে তাঁর ‘রোনালদো’ হয়ে ওঠা, সেটার জন্যও ইউনাইটেডকেই সবচেয়ে বেশি কৃতিত্ব দিলেন পর্তুগিজ উইঙ্গার।
ইউনাইটেডে পাঁচ বছরের ক্যারিয়ারে তিনটি প্রিমিয়ার লিগ জিতেছেন, একটি চ্যাম্পিয়নস লিগ ও একটি এফএ কাপ। ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি অরটাও ওল্ড ট্রাফোর্ডে থাকতেই। ইউনাইটেডে থাকতে নিজের সময়ের সেরাদের একজন ছিলেন, পরে রিয়াল মাদ্রিদে এসে হয়েছেন সর্বকালের সেরাদের একজন।
নাইকির নতুন এই বুটজোড়াতেই অবশ্য রোনালদোর ক্যারিয়ারের অনেক গল্প লুকিয়ে আছে। রোমান হরফে সেখানে ‘২৮’ সংখ্যাটা লেখা, যে নম্বরের জার্সি তিনি পরতেন স্পোর্টিং লিসবনে থাকতে। আছে তাঁর বিখ্যাত ‘৭’ নম্বরটাও। যে নম্বরের জার্সি তাঁর আগে ইউনাইটেডের হয়ে গায়ে চড়িয়েছেন ডেভিড বেকহাম, এরিক ক্যান্টোনা ও জর্জ বেস্টের মতো কিংবদন্তিরা। এক জায়গায় আবার আলাদা করে লেখা ‘সিআর-৭’। নতুন এই বুটের পরিচিতি অনুষ্ঠানেই রোনালদো শোনালেন ইউনাইটেডে এসে বিখ্যাত ৭ নম্বরের জার্সিটা পাওয়ার গল্প, ‘মনে আছে, ২০০৩ সালে আমি যখন লিসবন ছেড়ে ইংল্যান্ডে এলাম, স্যার অ্যালেক্স ফার্গুসন আমাকে বললেন, “শোনো আমি চাই, তুমি আমাদের ৭ নম্বর জার্সিটা পরে খেলো।” আমি খুবই বিস্মিত হয়েছিলাম। কারণ আমি জানতাম, এর আগে কারা এই জার্সি পরেছেন। আমার জন্য ওটা ছিল দারুণ সম্মানের। আমি তাই চ্যালেঞ্জটা নিলাম।’
শুধু এই সম্মানের যোগ্য মনে করার কারণেই নয়, ফার্গুসনের প্রতি রোনালদো কৃতজ্ঞ আরও অনেক কারণে, ‘আমার ফুটবল ক্যারিয়ারে তিনি পিতৃতুল্য। তাঁর অধীনে খেলাটা আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর সময়গুলোর একটা। যে পাঁচ বছর ইউনাইটেডে ছিলাম, ফুটবলের জাদুটাও ওই সময়েই শিখেছি। আমার কাছে ওই সময়টা ছিল স্বপ্নের মতো।’ ডেইলি মেইল।