ইউনাইটেড পছন্দ ছিল গার্দিওলার
মে ৪, ২০১১। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড-শালকে। হাজারো দর্শকের উল্লাসে মুখর ওল্ড ট্রাফোর্ড। দর্শকসারিতে বসে সেই রোমাঞ্চ ছুঁয়ে গেল পেপ গার্দিওলাকে। এখনকার বায়ার্ন মিউনিখ কোচ তখন ছিলেন বার্সেলোনার দায়িত্বে। এর আগেই বার্সা উঠে গিয়েছিল ফাইনালে। গার্দিওলা তাই এসেছিলেন সম্ভাব্য শত্রুকে নিজের চোখে পরখ করতে। ওল্ড ট্রাফোর্ড তাঁকে এমনই মুগ্ধ করেছিল যে অস্ফুট স্বরে বলে ফেলেছিলেন, ‘আবহটা আমার পছন্দ হয়েছে। আমি দেখতে পাচ্ছি, একদিন এখানে কোচ হয়ে আসছি।’
এরপর কেটে গিয়েছে তিনটি বছর। না, গার্দিওলা ইউনাইটেডের দায়িত্ব নেননি। এক বছর স্বেচ্ছা অবসরের পর দায়িত্ব নিয়েছেন বায়ার্ন মিউনিখের। কিন্তু এত দিন পর এই ইউনাইটেডপ্রীতির খবরটা কীভাবে চাউর হলো? গার্দিওলার বায়ার্ন-অধ্যায় নিয়ে পেপ কনফিডেনশিয়াল নামের একটা বই লিখছেন তাঁর সাংবাদিক বন্ধু মার্টি পেরারনাউ। সেটিতেই ছাপা হয়েছে এই খবর।
তখনো স্যার অ্যালেক্স ফার্গুসন ছিলেন ইউনাইটেডের দায়িত্বে। ফার্গির রাজ্যপাটে অন্য কাউকে বসতে দেখার সম্ভাবনাও ছিল সুদূর পরাহত। কিন্তু গত বছর ফার্গির আকস্মিক অবসরে খালি হয়ে যায় সিংহাসন। কিন্তু গার্দিওলা যে এর আগেই দায়িত্ব নিয়েছেন বায়ার্নের! সেটার পেছনেও কাহিনি আছে। ২০১১ সালেই অডি কাপে খেলতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় গিয়ে জায়গাটা পছন্দ হয়ে যায় গার্দিওলার। মনে মনে তখনই নাকি ভেবে রেখেছিলেন, সেখান থেকে প্রস্তাব এলে ফিরিয়ে দেবেন না। গার্ডিয়ান।