ইউনাইটেড পেয়ে গেল ব্লাইন্ডকে

বিশ্বকাপে স্পেনের বিপক্ষে উড়ন্ত হেডে করা রবিন ফন পার্সির গোলটিই মনে রেখেছেন সবাই। ফুটবল মহাযজ্ঞের একটা ‘আইকনিক’ ছবিই হয়ে আছে ফন পার্সির শূন্যে শরীর ভাসিয়ে দেওয়ার ওই মুহূর্তটি। কিন্তু একেবারে হল্যান্ড সীমান্ত থেকে ফন পার্সির মাথায় বলটি তুলে দিয়েছিলেন কে, সেটা মনে আছে? অনেকেরই হয়তো মনে আছে, অনেকেরই নেই। ডিফেন্সিভ মিডফিল্ডার ডেলি ব্লাইন্ড ছিলেন এবারের বিশ্বকাপে হল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ডাচ দায়িত্ব শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার পর বিপর্যয়কর পরিস্থিতিতে সেই ব্লাইন্ডেই ভরসা রাখতে যাচ্ছেন কোচ লুই ফন গাল।
ফন গাল অবশ্য ইউনাইটেডের কোচ হয়েই ব্লাইন্ডকে ওল্ড ট্র্যাফোর্ডে নিয়ে আসার ব্যাপারটি ভেবেছিলেন। ক্লাব ম্যানেজমেন্টকেও নিজের পছন্দের কথা জানিয়ে রেখেছিলেন তিনি। মৌসুমের দল বদলের প্রথম পর্ব শেষ হয়ে যাওয়ার মুহূর্তে চাউর হলো খবরটা। ব্লাইন্ড খুব দ্রুতই যোগ দিচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তাঁর বর্তমান ক্লাব হল্যান্ডের আয়াক্স আমস্টারডাম থেকে ব্লাইন্ডকে নিয়ে আসতে ইউনাইটেডের খরচ এক লাখ ৪০ হাজার পাউন্ড।
আয়াক্সের সঙ্গে ট্রান্সফার ফির ব্যাপারে ইউনাইটেডের কথাবার্তা চূড়ান্তই হয়ে গেছে। বাকি কেবল ব্লাইন্ডের বেতন-ভাতা ইত্যাদি নিয়ে আলোচনা। সেটাও খুব ফলপ্রসূ বলে জানিয়েছেন ব্রিটিশ গণমাধ্যম। আজ-কালের মধ্যেই ওল্ড ট্র্যাফোর্ডে এসে চুক্তিটা নাকি সেরে ফেলবেন ব্লাইন্ড।
অ্যাঙ্গেল ডি মারিয়া, মারকোস রোহো, আন্দার হেরেরা ও লুক শ’র পর এই মৌসুমে ব্লাইন্ড হতে যাচ্ছেন ইউনাইটেডের অন্যতম সেরা সংগ্রহ। সূত্র: ডেইলি মেইল