ইউনাইটেড বিধ্বস্ত হওয়ার 'নেপথ্যে' বৌদ্ধ ভিক্ষু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্ছ্বসিত লেস্টার কোচ জড়িয়ে ধরেছেন এক বৌদ্ধ ভিক্ষুকে। ছবি: মেইল অনলাইন
উচ্ছ্বসিত লেস্টার কোচ জড়িয়ে ধরেছেন এক বৌদ্ধ ভিক্ষুকে। ছবি: মেইল অনলাইন

৬১ মিনিট পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তারকায় ঠাসা দলটা শেষ অবধি লেস্টার সিটির বিপক্ষে হারল ৫-৩ গোলে! শেষ আধঘণ্টার চার গোল হজম! ‘রেড ডেভিল’ সমর্থকদের বিস্ময়ের যেন শেষ নেই! কেন এমন হলো? কদিন বাদে, ঠিক ফুটবলীয় নয়, ভিন্ন ধরনের এক উত্তর জানা গেল। সেদিন বৌদ্ধ ভিক্ষুদের আশীর্বাদেই নাকি কুপোকাত হয়েছে লুই ফন গালের দল!
মৌসুম শুরুর আগেই অনুশীলন মাঠে নিজ দেশ থেকে বেশ কয়েকজন বৌদ্ধ ভিক্ষু এনেছেন লেস্টারের থাই মালিক ভিচাই শ্রীভাদ্ধানাপ্রাভা। তাঁদের ধর্মীয় কৃত্যের সব ব্যবস্থা ওই মাঠেই। ফুটবল মাঠে বৌদ্ধ ভিক্ষুদের কী কাজ? লেস্টার-মালিক হয়তো তাঁদের বলেছেন, ‘কিচ্ছু না, গুরু একটু আশীর্বাদ দিলেই চলবে!’
ফলফল! চলতি মৌসুমে এ পর্যন্ত ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলেছে লেস্টার। তিনটির কোনোটিই হারেনি তারা, বরং আছে ইউনাইটেডকে অবিশ্বাস্যভাবে হারানোর মতো ঘটনা। ১৬ আগস্ট এভারটনের বিপক্ষে ২-২, ৩১ আগস্ট আর্সেনালের বিপক্ষে ১-১ আর সর্বশেষ ইউনাইটেডকে ৫-৩ গোলে হারানোর সুখস্মৃতি!
সাফল্যের আনন্দেই হয়তো লেস্টার কোচ নাইজেল পিয়ারসন জড়িয়ে ধরেছেন ভিক্ষুদের। আপ্লুত কণ্ঠে বলেই ফেলছেন, ‘আপনারা প্রতি সপ্তাহে আসবেন!’ তবে কি ভিক্ষুদের ‘জাদুমন্তর’ লেগে গেল? বৈজ্ঞানিক কিংবা ফুটবলীয় ব্যাখ্যা হয়তো অনেক কথাই বলবে। থাক না সে সব ব্যাখ্যা। কত রহস্যই না লুকিয়ে থাকে খেলাধুলায়। ধরে নিন, এটিও তেমনই কিছু! সূত্র: মেইল অনলাইন।