ইউনাইটেড হারিয়েছে সিটিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড ও সিটি ম্যাচের একটি মুহূর্ত ছবি: রয়টার্স ।
ইউনাইটেড ও সিটি ম্যাচের একটি মুহূর্ত ছবি: রয়টার্স ।

আগের ম্যাচেই প্রিমিয়ার লিগ তালিকার নিচের সারির দল ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। গত রাতে সেই রেশই যেন বজায় রইল সিটির খেলায়। ওল্ড ট্রাফোর্ডে ‘ম্যানচেস্টার ডার্বি’তে ৪-২ ব্যবধানে ইউনাইটেডের কাছে একরকম উড়ে গেলেন ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। পয়েন্ট তালিকাতেও সিটির অবস্থান ইউনাইটেডের পরে।
খেলার শুরুটা কিন্তু আভাস দিচ্ছিল অন্য রকম কিছুর। অতিথি হিসেবে মাঠে নামা সিটি প্রথম দিকে কিন্তু আতঙ্ক ছড়িয়েছিল ইউনাইটেডের রক্ষণব্যূহে। এক গোলে এগিয়েও যায় তারা। যদিও পঞ্চম মিনিটের মাথায় সিটি মিডফিল্ডার জেসুস নাভাস ভালো একটি গোলের সুযোগ নষ্ট করেন।
খেলার অষ্টম মিনিটে সিটিকে এগিয়ে দেন সার্জিও আগুয়েরো। ডেভিড সিলভার বাড়িয়ে দেওয়া বলটি বাঁ পায়ের আলতো টোকায় ইউনাইটেডের জালে জড়াতে কোনো ভুল করেননি এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
গোল হজম করেই যেন হুঁশ ফিরে আসে ইউনাইটেডের। দারুণ ছন্দ ফিরে পায় ইউনাইটেডের মাঝ মাঠ। যার সুফল তারা পায় চৌদ্দ মিনিটের মাথায়। অ্যাশলে ইয়াং প্রথম সমতায় ফেরান ইউনাইটেডকে। এরপর ২৭তম মিনিটে ইউনাইটেডকে ২-১ গোলে এগিয়ে নেন মারওয়ান ফেলাইনি। এই গোলের পেছনে দারুণ অবদান ছিল ইউনাইটেডের হয়ে প্রথম গোলদাতা ইয়াংয়ের। তাঁর বাড়িয়ে দেওয়া একটি দুর্দান্ত পাস থেকেই হেড দিয়ে গোল করেন ফেলাইনি। প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি কেউই।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আবার মাঠে দারুণ সক্রিয় দেখাচ্ছিল দুই দলকেই। তবে সিটির ভাগ্যের শিকে ছেঁড়েনি। ওয়েইন রুনির সহায়তায় ইউনাইটেডকে তৃতীয় গোলটি এনে দেন হুয়ান মাতা। এই গোলটি নিয়ে অবশ্য খানিকটা বিতর্ক আছে। গোলটি মাতা অফ সাইড থেকে করেছিলেন কি না, বিতর্কটা এ নিয়েই। ম্যাচের ৭৩তম মিনিটে সিটির পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ক্রিস স্মলিং। এই গোলটিও এসেছে হেড থেকে। ফ্রি কিকটি নিয়েছিলেন ইয়াং। নিজে গোল করার পাশাপাশি আরও দুটো গোলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ইয়াং।
সিটির হয়ে আরও একটি গোল করেছিলেন আগুয়েরো। একই সঙ্গে সেটি ছিল সিটির জার্সি গায়ে চড়িয়ে তাঁর ১০০তম গোল। ৮৯ মিনিটে পাবলো জাবালেতার বাড়িয়ে দেওয়া বলটি নিপুণভাবে ইউনাইটেডের জালে পাঠিয়ে দেন আগুয়েরো। এতে অবশ্য ম্যাচের ফলাফলে খুব বেশি একটা পরিবর্তন আসেনি। ব্যবধানটাই যা একটু কমেছে।
এদিনই অপর এক ম্যাচে লিগের এক নম্বর দল চেলসি বেশ কষ্টকর এক জয় পেয়েছে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে। রেলিগেশনের আশঙ্কায় থাকা দলটি হোসে মরিনহোর শিষ্যদের আটকে রেখেছিল ৮৮ মিনিট পর্যন্ত। চেলসির জয়সূচক গোলটি করেন সেস ফ্যাব্রিগাস। নাকে চোট পাওয়ায় এ ম্যাচে মুখে বিশেষ একধরনের আঘাত প্রতিরোধক ‘মুখোশ’ পরে মাঠে নেমেছিলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। সূত্র: এএফপি।