ইউনাইটেড 'জুজু' কাটবে আর্সেনালের?
গত এক দশকের গেরোটা খুলতে পারবে আর্সেনাল? ২০০৬ সালে শেষবার ওল্ড ট্রাফোর্ডে এসে জয় পেয়েছিল আর্সেন ওয়েঙ্গারের দল। শুধু গত মৌসুমে এফএ কাপের ম্যাচটি ব্যতিক্রম, এ ছাড়া গত ১০ বছরে লিগ ম্যাচের ভেন্যু হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠটি যেন চির-আক্ষেপের নাম হয়ে দাঁড়িয়েছে। অ্যালেক্স ফার্গুসন অবসর নিলেন, ডেভিড ময়েসের ব্যর্থতার যুগ কাটিয়ে লুই ফন গালের অধীনে আরেকটি ‘ঘুমপাড়ানি’ যুগ কাটছে ইউনাইটেডের, তবু জেতা হলো না আর্সেনালের।
সম্ভাবনার বিচারে হয়তো এবারই গানারদের গেরোটা খোলার সুযোগ বেশি। লিগে পাঁচ নম্বরে থাকা ইউনাইটেড যে এখন চোট-আঘাতে জর্জরিত। দুই স্ট্রাইকার রুনি ও মার্শিয়াল চোটে, পরশু ইউরোপা লিগে মিটশেলানের বিপক্ষে ২ গোল দিয়ে অভিষিক্ত তরুণ মার্কাস রাশফোর্ডের ওপরই হয়তো আবার ভরসা রাখবেন ফন গাল।
সাম্প্রতিক ফর্মের বিচারে দুই দলই চলছে উত্থান-পতনের মধ্য দিয়ে। ইউরোপা লিগ ও এফএ কাপে টানা দুই ম্যাচে জিতলেও লিগে সর্বশেষ ম্যাচে সান্ডারল্যান্ডের কাছে হেরে গেছে ইউনাইটেড। আর্সেনালও কিছুদিন ধরে গোলের দেখা পাচ্ছে না। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ সাত ম্যাচে তাদের গোল মাত্র ৬টি। অবশ্য লিগে সর্বশেষ আট ম্যাচে পাঁচবার জাল অক্ষতও রেখেছে আর্সেনাল।
গত অক্টোবরে ঘরের মাঠে ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছিল আর্সেনাল। এবার তেমনই একটা জয়ে লিগ জয়ের দৌড়ে এগিয়ে যাওয়ার আশা ওয়েঙ্গারের, ‘মৌসুমের এ সময়টা বেশ গুরুত্বপূর্ণ। কঠিন পরীক্ষার সঙ্গে এখন মান ও জয়ের ইচ্ছা তুলে ধরারও সময়।’ পরীক্ষা তো ফন গালেরও। চাকরি নিয়ে সংবাদমাধ্যমের ‘রুটিন’ প্রশ্নগুলো থামাতে হবে না! তথ্যসূত্র: এএফপি, বিবিসি।