ইউনাইটেডে অনিশ্চিত ফন পার্সি
বর্তমান চুক্তিটা শেষ হবে ২০১৬ সালের মাঝামাঝি। ওই হিসাবে প্রায় আরও ১৮ মাস ম্যানচেস্টার ইউনাইটেডে আছেন রবিন ফন পার্সি। তার পরও কি থাকবেন? জবাবটা অজানা ডাচ স্ট্রাইকারের, ‘আমি জানি না ভবিষ্যতে কী হবে। অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। এটা তো শুধু আমার ওপর নির্ভর করছে না। এই মুহূর্তে আমি শুধু জানি যে, ইউনাইটেডে আমি আর ১৮ মাস আছি।’
কিন্তু হঠাৎ করে তাঁকে নিয়ে কেন এই প্রশ্ন উঠছে? উঠছে, কারণ ফর্মটা একেবারেই ভালো যাচ্ছে না ফন পার্সির। আর্সেনাল থেকে ইউনাইটেডে যোগ দিয়ে প্রথম মৌসুমেই (২০১২-১৩) লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন, প্রিমিয়ার লিগের শিরোপাও জিতিয়েছিলেন দলকে। কিন্তু চোটের কারণে পরের মৌসুমে অর্ধেকটা খেলতেই পারলেন না। এই মৌসুমে ক্লাবের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১৭ ম্যাচ খেলে করেছেন মাত্র ৮ গোল। সময়টা যে ভালো যাচ্ছে না, সেটা স্বীকার করলেন ডাচ স্ট্রাইকারও, ‘নিজের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট নই। আমাকে আরও গোল করতে হবে।’ এএফপি।