ইউনাইটেডে ইব্রা আরও এক মৌসুম?
দিন দুয়েক আগে ম্যানচেস্টারে আলোকচিত্রীরা তাঁর ছবি তোলার সময় ইব্রাহিমোভিচই বলেছিলেন, একটা ‘বড় ঘোষণা’র প্রত্যাশায় থাকুন। কাল ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহোই সম্ভবত দিলেন সেই ঘোষণাটা। গত মৌসুমের শেষে ছেড়ে দিলেও আরও এক মৌসুম ইব্রাহিমোভিচকে ক্লাবে রাখার চিন্তাভাবনা করছে ইউনাইটেড।
গত মৌসুমেই প্যারিস সেন্ট-জার্মেই থেকে এসে ইউনাইটেডের জার্সিতে লিগে ১৯ গোল করেছিলেন ইব্রা, সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ গোল। তাঁর গোলেই লিগ কাপ জেতে ইউনাইটেড। কিন্তু এপ্রিলে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে হাঁটুর লিগামেন্টে চোট পান ইব্রাহিমোভিচ। ইউনাইটেডেরই অনুশীলন মাঠ ক্যারিংটনে ক্লাবের চিকিৎসকদের তত্ত্বাবধানে এখন চলছে সুইডিশ স্ট্রাইকারের পুনর্বাসন। মাঠে ফিরতে আরও পাঁচ মাস মতো লাগতে পারে।
আগামী ৩ অক্টোবর ৩৬ বছরে পা দিতে যাওয়া ইব্রাহিমোভিচ পুরোনো ফর্মে ফিরতে পারবেন কি না, সেটি নিয়ে সংশয় অবশ্য থাকেই। এ কারণেই হয়তো গত মৌসুমে ইউরোপা লিগ জয়ের পরই তাঁকে ছেড়ে দেয় ইউনাইটেড। কিন্তু আবার তাঁর গায়ে ইউনাইটেডের জার্সি ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রাক-মৌসুম প্রস্তুতিতে মরিনহোই বলেছেন, ‘সে সম্ভাবনা আছে। রাস্তা খোলাই আছে।’
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল এলএ গ্যালাক্সি ও লস অ্যাঞ্জেলেস এফসি ইব্রাহিমোভিচকে পেতে আগ্রহী। কিন্তু মরিনহো চান ইব্রাকে ধরে রাখতে, ‘ক্যারিংটন ও ওল্ড ট্রাফোর্ড (ইউনাইটেডের মাঠ) ওর জন্য সব সময়ই খোলা। সবাই খুশি হয় এমন সিদ্ধান্তই নিতে হবে আমাদের। যদি ও থাকতে চায়, আর আমাদের ডিসেম্বর পর্যন্তও অপেক্ষা করতে হয়, তাহলে তা-ই সই। মনে হয় না ডিসেম্বরের আগে ও ফিরতে পারবে। তবে আমাদের এত কিছু দিয়েছে এমন একজন বড় খেলোয়াড়ের জন্য অপেক্ষা করতে দোষ কী?’
ইউনাইটেড-ভক্তরা অবশ্য ইব্রাহিমোভিচের পাশাপাশি আরও দুজন নতুন খেলোয়াড় ক্লাবে দেখার প্রস্তুতি নিতে পারেন। মরিনহো নিজেই বলেছেন, ‘আমাদের আরও দুজন, অন্তত একজন খেলোয়াড় লাগবেই।’ এখন পর্যন্ত যা গুঞ্জন, তাতে ইন্টার মিলানের ক্রোয়াট উইঙ্গার ইভান পেরিসিচের পাশাপাশি চেলসির নেমানিয়া মাতিচ বা টটেনহামের এরিক ডায়ারের যেকোনো একজনকে আনতে চায় ইউনাইটেড। ফোরফোরটু, ইএসপিএন।