ইউনাইটেডে এসব হচ্ছেটা কী!

‘নোয়েল হু?’ শচীন টেন্ডুলকারের অন্যতম বিখ্যাত এক উক্তি। ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝপথে নোয়েল ডেভিড নামের এক অফ স্পিনারকে উড়িয়ে আনা হচ্ছে শুনতে পেয়ে তখনকার ভারত অধিনায়কের প্রশ্ন ছিল, ‘এই নোয়েলটা আবার কে?’ সেই স্মৃতি ফিরিয়ে আনলেন ওয়েইন রুনি। অ্যান্থনি মার্শাল নামের ১৯ বছরের এক স্ট্রাইকারকে পাঁচ কোটি ইউরোতে কিনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই খবরে ক্লাব অধিনায়কের প্রথম প্রশ্ন, ‘এই মার্শাল আবার কে!’
আক্রমণভাগে নিজের ভবিষ্যৎ সঙ্গী নিয়ে রুনির এই জিজ্ঞাসা নিয়ে ফুটবল বিশ্ব বেশ মজা লুটেছে। অবশ্য এবারের দলবদলের বাজারে ইউনাইটেডের কাজকর্ম ছিল নিখাদ বিনোদন। রঙ্গ-তামাশা কিংবা প্রহসনের সার্থক সমাপয়েৎ হলো ডি গিয়াকে নিয়ে শেষ দিনের নাটকে।
এই মৌসুমের দলবদলের বাজার উন্মুক্ত হয়েছে জুলাইয়ের পয়লা দিনে। তারপর থেকেই ইউনাইটেড ছিল নির্মল বিনোদনের খোরাক। ক্লাবকে ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার অভিলাষ দেখাচ্ছিলেন লুইস ফন গাল। এই লক্ষ্যে প্রথম দিন থেকেই আক্রমণ ভাগে কিছু ভালো খেলোয়াড়কে দলে টানার ইচ্ছে প্রকাশ করেন এই ডাচ কোচ।
কিন্তু দলের সেরা উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়াকে বিক্রি করে দিলেন মৌসুমের শুরুতেই। দলকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে প্রথমেই নজর দিলেন বরুসিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার গুন্ডুগানের দিকে। কিন্তু প্রথমেই গলদ, ফন গালকে বুড়ো আঙুল দেখিয়ে এই মিডফিল্ডার রয়ে গেলেন ডর্টমুন্ডেই। এর পরে শোনা গেল রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেলকে কিনতে চান ফন গাল। সেই প্রস্তাব রিয়াল উড়িয়ে দিলে নতুন প্রস্তাব দেয় ইউনাইটেড। এবারের লক্ষ্য ডিফেন্ডার সার্জিও রামোস। কিন্তু আবারও ব্যর্থ মনোরথেই ফিরতে হয় তাঁকে।
কিন্তু তাতেও শিক্ষা হলো না, নতুন করে শোনা গেল বায়ার্ন মিউনিখের টমাস মুলারের জন্য ১০ কোটি ইউরো দিতেও রাজি ‘রেড ডেভিলরা’। কিন্তু মুলার বিনয়ের সঙ্গেই কাটিয়ে দিলেন ওই প্রস্তাব। দৃশ্যপটে এলেন বার্সেলোনার পেদ্রো। মাত্র ২ কোটি ৮০ লাখ ইউরোতে এই বিশ্বমানের ফরোয়ার্ডকে কেনার সুযোগ ছিল ইউনাইটেডের। কিন্তু এ যাত্রা দর-কষাকষির সিদ্ধান্ত নিল তারা। ফলাফল, প্রতিদ্বন্দ্বী চেলসির কাছে হাতছাড়া পেদ্রো।
ইউনাইটেড এবারে আরও বড় মাছ শিকার করতে নামল। লক্ষ্য ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। নেইমারের জন্য ৩২ কোটি ৫০ লক্ষ খরচ করার কথাও শোনা গেল, তবে সেটি শুনে নেইমারও সম্ভবত হেসে কিছুক্ষণ গড়াগড়ি খেয়েছেন। এর মাঝেই দলের আরেক স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজকে বিক্রি করে দিয়েছেন ফন গাল। আদনান ইয়ানুজাইকে ধারে পাঠিয়ে দিয়েছেন বরুসিয়া ডর্টমুন্ডে।
তবে চমকের বাকি ছিল তখনো। মাত্র অল্প কিছু টাকার জন্য পেদ্রোকে কিনতে ইতস্তত করা ফন গাল শেষ পর্যন্ত ৫ কোটি ইউরো দিয়ে কিনে নিয়েছে সদ্য কৈশোর পেরোনো স্ট্রাইকার মার্শালকে। পেদ্রো এরই মধ্যে চেলসিতে উজ্জ্বল অভিষেক ঘটিয়ে ওল্ড ট্রাফোর্ডে হাহাকার বাড়িয়েছেন।
এবার ইউনাইটেড যে খেলোয়াড়কেই কিনতে চেয়েছে বা কিনবে বলে শোরগোল ফেলে দিয়েছে, তাদের কাউকেই ভেড়াতে পারেনি। কিন্তু প্রহসনের তখনো বাকি ছিল। মঞ্চে যে ডেভিড ডি গিয়াই প্রবেশ করেননি!
মৌসুমের শুরু থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল ডি গিয়া রিয়ালে যেতে চান। ডি গিয়ার সঙ্গে চুক্তির মাত্র এক বছর বাকি থাকায় ইউনাইটেডের হাতে কেবল দুটি উপায় ছিল। হয় ডি গিয়াকে নতুন চুক্তিতে সই করানো অথবা এই মৌসুমেই বিক্রি করে দেওয়া। ডি গিয়া নতুন চুক্তি সইয়ে অস্বীকৃতি জানালে বিক্রির পথটিই কেবল খোলা থাকে। তাই রিয়ালও আশা করছিল খুব দ্রুত তাদের পছন্দের এই গোলরক্ষককে দলে টানার।
কিন্তু আবার মঞ্চে ফন গালের আবির্ভাব। কিছুতেই ডি গিয়াকে হাতছাড়া করতে রাজি নন। কিন্তু ডি গিয়াও নাছোড়বান্দা, রিয়ালের হয়েই খেলবেন তিনি। চুক্তির মাত্র এক বছর বাকি আছে এমন খেলোয়াড়ের জন্য ৩ কোটি ৬০ লাখ ইউরো দিতে ইচ্ছুক ছিল রিয়াল, সেই সঙ্গে কেইলর নাভাসের মতো বিশ্বমানের আরেক গোলরক্ষককেও দেবে মুফতে।
কিন্তু ইউনাইটেড আবারও গড়িমসি শুরু করে। শেষ পর্যন্ত দল বদলের শেষ দিনে গিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। সবকিছু সম্পন্ন হতে হতে ঘড়ির কাঁটা পেরিয়ে যায় নির্ধারিত সময়! হলো না এই ট্রান্সফারও! যেহেতু ডি গিয়ার চুক্তি আর এক বছর বাকি আছে, এরপরই ডি গিয়া ফ্রি হয়ে যাবেন। বিনা মূল্যেই তাঁকে দলে ভেড়াতে পারবে রিয়াল। পৌনে চার কোটি ইউরো আর সেই সঙ্গে নাভাসের মাপের একজন গোলরক্ষক হাতছাড়া!
একের পর এক ভুল চাল চেলেছেন। আত্মঘাতী সব চাল। চাইলে লুইস ফন গালকে ‘লুইস ভুল চাল’ বলেও ডাকতে পারেন বৈকি!