ইউনাইটেডে কখনোই ফিরবেন না রোনালদো!
তাহলে কি অবসরের আগে সত্যিই ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরবেন না ক্রিস্টিয়ানো রোনালদো? বৃথা যাবে ইউনাইটেড সমর্থকদের এত আহ্বান, এত অনুনয়! কয়েক দিন আগে তাঁর এজেন্ট হোর্হে মেন্ডেস ইউনাইটেড সমর্থকদের আশায় জল ঢেলে দিয়ে বলেছিলেন, ৪০ বছর পর্যন্ত রিয়ালের হয়ে খেলে তবেই অবসর নেবেন পর্তুগিজ উইঙ্গার। এবার হতাশ করলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও। রোনালদো যে আর কখনো ইউনাইটেডে ফিরবেন না, এ ব্যাপারে নাকি শতভাগ নিশ্চিত তিনিও। আনচেলত্তি বলেছেন, ‘এটা কখনোই হবে না, কারণ রোনালদো রিয়ালে থেকেই ওর ক্যারিয়ার শেষ করবে। আমি শতভাগ ভাগ নিশ্চিত, আগামী মৌসুমেও সে এখানেই (রিয়াল মাদ্রিদ) থাকবে। ম্যানচেস্টার ইউনাইটেডে যাবে না।’
রোনালদোকে রিয়াল থেকে আলাদা করা সম্ভব নয় বলেও মনে করেন এই ইতালিয়ান, ‘ও রিয়ালেই আনন্দে আছে। এখানে তাকে সবাই ভালোবাসে। ক্লাবের সঙ্গে ওর সম্পর্ক এ মুহূর্তে অসাধারণ এবং সেটা কখনো বদলাবে না।’
রোনালদো অবশ্য তাঁর হৃদয়ে জায়গা দিয়ে রেখেছেন ইউনাইটেডকে। সুযোগ এলে কোনো না কোনো দিন ইউনাইটেডে ফিরবেন, এমনটাও বলেছেন বেশ কয়েকবার। আনচেলত্তি-মেন্ডেসরা নিশ্চিত হওয়ার পরও তাই সেই হৃদয়ের টানে আবার কখনো ইউনাইটেডে ফেরেন কি না কে জানে! গোলডটকম।