ইউনাইটেডে ধারের ফ্যালকাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি করার পর রায়ান গিগসের সঙ্গে রাদামেল ফ্যালকাও l ডেইলি মেইল
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি করার পর রায়ান গিগসের সঙ্গে রাদামেল ফ্যালকাও l ডেইলি মেইল

গত শনিবারের ঘটনা। মোনাকো খেলছে মাঠে, অথচ দলে নেই রাদামেল ফ্যালকাও। চোটটোট আছে বলেও তো শোনা যায়নি। তাহলে কি ক্লাব ছাড়ার গুঞ্জনটাই সত্যি হতে চলেছে? তখনো রিয়াল মাদ্রিদের নামই ভাসছিল বাতাসে। কিন্তু কে ভেবেছিল, শেষ পর্যন্ত ঠিকানা হবে ম্যানচেস্টার ইউনাইটেড!
দলবদলের নাটকীয় শেষ দিনে মোনাকোর কলম্বিয়ান স্ট্রাইকার এক বছরের জন্য ধারে যোগ দিয়েছেন ইউনাইটেডে। তবে মৌসুম শেষে চুক্তিটা পাকাপাকি হতে পারে। ব্রিটিশ গণমাধ্যম জানাচ্ছে, এক বছরের জন্য এক কোটি ইউরো খরচ করতে হয়েছে ইউনাইটেডকে। আর লম্বা সময়ের চুক্তি হলে চার বছরের জন্য দিতে হবে সাড়ে পাঁচ কোটি ইউরো।
পরশু সারা দিনই শোনা যাচ্ছিল গুঞ্জনটা। পরে ফ্যালকাও ম্যানচেস্টারের ক্যারিংটন গ্রাউন্ডে স্বাস্থ্য পরীক্ষার জন্য আসার পর বোঝা যায়, গুজবটি সত্যি হতে চলেছে। এর আগে পর্তুগিজ লিগ, লা লিগা, ফ্রেঞ্চ লিগে খেলেছেন। এবার প্রিমিয়ার লিগের অভিজ্ঞতাও হয়ে যাচ্ছে। ২৮ বছর বয়সী কলম্বিয়ান স্ট্রাইকারের কণ্ঠে সেই উচ্ছ্বাস, ‘প্রিমিয়ার লিগে খেলাটা স্বপ্নপূরণের মতো। এটা দারুণ একটা লিগ, দলগুলোও বেশ ভালো। আমি সব সময় এখানে আসতে চেয়েছি। ম্যানচেস্টার ইউনাইটেড ইংল্যান্ডের সেরা ক্লাব। সবকিছু নিখুঁতভাবেই হয়েছে।’ নতুন ক্লাবে ৯ নম্বর জার্সি পরবেন ফ্যালকাও। সপ্তাহে তাঁর বেতন হবে সাড়ে তিন লাখ ইউরো।
কিন্তু রুনি, ফন পার্সিরা তো ছিলেনই, আবার ফ্যালকাও কেন? ইউনাইটেড কোচ লুই ফন গালের যুক্তি, ‘ওর ম্যাচপ্রতি গোলের অনুপাতই বলে দিচ্ছে, ও কেমন অসাধারণ গোলস্কোরার। এমন মানের কাউকে পেলে সেই সুযোগটা তো হাতছাড়া হতে দেওয়া যায় না।’ শুধু রুনি-ফন পার্সি নয়, ইংলিশ লিগের সব শীর্ষ স্ট্রাইকারের চেয়েই ফ্যালকাওয়ের ম্যাচপ্রতি গোল (০.৬৬) বেশি।
যে কারণে ক্রিস্টিয়ানো রোনালদোও বলছেন, ‘আমার মনে হয় না ওকে কেনাটা ভুল হয়েছে। ইউনাইটেডের শুরুটা ভালো হয়নি, তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট। ফ্যালকাওয়ের মতো কাউকে ওদের দরকার ছিল।’ এএফপি, গোলডটকম।

এক নজরে
রিভার প্লেট (২০০৫-০৯) : ১০৫ ম্যাচে ৪৫ গোল
পোর্তো (২০০৯-১২) : ৮৭ ম্যাচে ৭২ গোল
অ্যাটলেটিকো মাদ্রিদ (২০১১-১৩) : ৯১ ম্যাচে ৭০ গোল
মোনাকো (২০১৩-১৪) : ২২ ম্যাচে ১৩ গোল
জাতীয় দল (কলম্বিয়া) : ৫১ ম্যাচে ২০ গোল