ইউনাইটেডে ফন গ্যালাকটিকোস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুইস ফন গাল
ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুইস ফন গাল

লুইস ফিগো, জিনেদিন জিদান, রোনালদো, ডেভিড বেকহাম...নামগুলো একসঙ্গে শুনলেই অনেকের জিবের ডগায় ‘গ্যালাকটিকোস’ শব্দটা এসে পড়বে। রিয়াল মাদ্রিদের সেই তারাভরা দলকে তো ডাকা হতো ওই নামেই। দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে এরপর রিয়ালে এসেছেন কাকা, ক্রিস্টিয়ানো রোনালদোরা। বলা যেতে পারে গ্যালাকটিকোসের ধারাটায় ছেদ পড়েনি। রিয়ালের এই দেখানো পথে এখন হাঁটতে চাইছে ম্যানচেস্টার ইউনাইটেডও। এই মৌসুমেই অ্যাঙ্গেল ডি মারিয়া, রাদামেল ফ্যালকাওদের মতো খেলোয়াড়দের এনেছে ইউনাইটেড। এখন শোনা যাচ্ছে, খেলোয়াড় কেনার জন্য সামনের মৌসুমে কোচ লুই ফন গালকে দেওয়া হচ্ছে ১৯ কোটি ইউরো। তার মানে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে ‘ফন গ্যালাকটিকোস’ যুগ?
কদিন ধরেই এটা নিয়ে তোলপাড় ইংলিশ গণমাধ্যমে। ফন গালকে বোর্ড এই বিশাল অর্থ বিনিয়োগের অনুমতি দিয়েছেন। এমনকি দরকার হলে দলবদলের বিশ্ব রেকর্ড গড়তেও নাকি ফন গাল কার্পণ্য করবেন না। কিন্তু এই বিপুল অর্থ দিয়ে ইউনাইটেড কাদের আনতে চায়? শোনা যাচ্ছে বার্সেলোনা রাইটব্যাক দানি আলভেজ, বায়ার্ন মিউনিখ উইঙ্গার আরিয়েন রোবেন, ডর্টমুন্ড ডিফেন্ডার ম্যাটস হামেলস ও উইঙ্গার মার্কো রয়েস, অ্যাটলেটিকো ডিফেন্ডার ডিয়েগো গডিন এবং রোমার মিডফিল্ডার কেভিন স্ট্রুটম্যানের দিকে চোখ পড়েছে ফন গালের। আর ফ্যালকাওকে পাকাপাকিভাবে নিয়ে এলে সেটার জন্যও মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে।
সামনের মৌসুমে এঁদের কয়জন আসবেন সেটা বলে দেবে সময়। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে কিন্তু এর মধ্যেই লেগেছে পরিবর্তনের হাওয়া। গত সেপ্টেম্বরের পর থেকে ২৭ কোটি ইউরো খরচ করে ফেলেছে ইউনাইটেড, সেটা সামনে আরও বাড়বে। এই মৌসুমে ব্রিটিশ রেকর্ড গড়ে নিয়ে এসেছে ডি মারিয়াকে। সঙ্গে মার্কোস রোহো, লুক শ, অ্যান্ডার হেরেরা, ড্যালি ব্লাইন্ডদের এনে দলের খোলনলচেই অনেকটা বদলে ফেলেছেন। এই মৌসুমেই নেমানিয়া ভিদিচ, প্যাট্রিস এভরা, ড্যানি ওয়েলবেক, শিনজি কাগাওয়াদের ছেড়ে দিয়েছে ইউনাইটেড। নানি, হাভিয়ের হার্নান্দেজ, টম ক্লেভারলি, উইলফ্রায়েড জাহা, নিক পাওয়ালদের ধারে পাঠিয়েছে, শোনা যাচ্ছে তাঁদেরও বিক্রি করে দেওয়া হতে পারে।
প্রশ্ন উঠতেই পারে, এত অর্থ খরচ করেও কতটুকু ফসল ইউনাইটেড ঘরে তুলতে পেরেছেন? ফন গালের শুরুটা ভুলে যাওয়ার মতো হলেও ইউনাইটেড গত চার ম্যাচ জিতে শীর্ষ চারে চলে এসেছে। শোনা যাচ্ছে, বোর্ড ফন গালের ওপর সন্তুষ্ট, সে কারণেই এই অর্থ বিনিয়োগের অনুমতি। এ বছরটা যেমনই যাক, আগামী মৌসুম থেকেই হয়তো ঘুরে দাঁড়াতে চাইছে ইউনাইটেড। দ্য গার্ডিয়ান, মেইল অনলাইন।