ইউনাইটেডে ফিরতে চান রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর শুরুটা ‘স্পোর্টিং ক্লাব ডি ফুটবল পর্তুগালে’ হলেও উত্থানপর্ব ম্যানচেস্টার ইউনাইটেডেই। ২০০৩ থেকে ২০০৯—অর্ধযুগ ওল্ড ট্র্যাফোর্ডেই কাটিয়েছেন সিআর সেভেন। অসম্ভব ভক্তি করেন সাবেক ‘রেড ডেভিল’ গুরু স্যার অ্যালেক্স ফার্গুসনকে। সিআর সেভেনের বড্ড ইচ্ছা, ক্যারিয়ারের কোনো একসময় আবারও ফিরবেন সেই ওল্ড ট্র্যাফোর্ডে, যেখান থেকে আসা তাঁর আজকের অবস্থানে।
২৯ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড বললেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডকে আমি ভালোবাসি। এটা অনেকবারই বলেছি। সবাই তা জানেও। আমার হূদয়ে সব সময়ই থাকে ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে আমি অনেক বন্ধুর সংস্পর্শে এসেছি। তারা এখনো আমার খুব ভালো বন্ধু। সমর্থকেরাও অসাধারণ। আমার আশা, কোনো একদিন সেখানে আবারও ফিরতে পারব।’
তবে কি তিনি বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদে অসুখী? না ঠিক তা-ও নয়। পর্তুগিজ উইঙ্গার বললেন, ‘রিয়াল মাদ্রিদে আমি ভালো আছি। এখানে আরও চার বছর আছি। তবে ভবিষ্যত্ নিয়ে কিছু বলা যায় না। ইউনাইটেডে আমি যে ভালোবাসা পাই, তা সত্যি অবিশ্বাস্য!’ গত মৌসুমের ব্যর্থতা ভুলে এ মৌসুমে সাফল্য পেতে মরিয়া ইউনাইটেড দলে ভিড়িয়েছে অ্যাঙ্গেল ডি মারিয়া, রাদামেল ফ্যালকাও, মার্কো রোহোর মতো তারকা ফুটবলারকে। আর তারকারাজি তত্ত্বাবধানে ডাচ কোচ লুই ফন গাল তো আছেনই। রেড ডেভিলদের শুভকামনা করে রোনালদো বললেন, ‘বিশ্বাস করুন, আবারও তারা সেরা হয়ে উঠবে। ইউনাইটেড খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। গত মৌসুমটা বাজে গেছে। এবারও শুরুটা ভালো হয়নি। তবে মনে করি, ডি মারিয়া, ফ্যালকাওকে কিনে খুবই ভালো করেছে। দলটি আবারও দুর্দান্ত হয়ে উঠবে। তাদের সেরাটাই সব সময় দেখতে চাই। কারণ, সেরা হওয়াটা ক্লাবটার প্রাপ্য।’ সূত্র: ডেইলি মেইল ও গোলডটকম।