ইউনাইটেডে হয়ে পাঁচ বছর খেলতে চান বোল্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেডের জার্সি গায়ে মাঠে খেলতে চান বোল্ট। সংগৃহীত ছবি
ইউনাইটেডের জার্সি গায়ে মাঠে খেলতে চান বোল্ট। সংগৃহীত ছবি

বিশ্বের দ্রুততম মানব তিনি। কী অলিম্পিক, কী বিশ্ব চ্যাম্পিয়নশিপ সব জায়গাতেই ‘এলাম, দৌড়ালাম, রেকর্ড গড়ে সোনা জিতলাম’ যেন উসাইন বোল্টের স্লোগান হয়ে দাঁড়িয়েছে। তবে এত ‘অল্প’তে সন্তুষ্ট হতে পারছেন না জ্যামাইকান স্প্রিন্টার। অ্যাথলেটিকস বুট তুলে রাখার পর পায়ে গলাতে চান ফুটবল বুট, খেলতে চান ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। এমনকি ইংলিশ ক্লাবের কাছে পাঁচ বছরের চুক্তিও চান বোল্ট!
অবশ্য ইউনাইটেডের হয়ে খেলার ইচ্ছা বোল্ট যে এই প্রথম জানালেন তা নয়। স্বঘোষিত ম্যানচেস্টার ইউনাইটেড ভক্ত তিনি। এর আগে স্যার অ্যালেক্স ফার্গুসন কোচ থাকার সময়েও ইউনাইটেডের জার্সিতে খেলার ইচ্ছা জানিয়েছিলেন ২৯ বছর বয়সী জ্যামাইকান। বছর সাতেক আগে ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন, অনুশীলন মাঠ ক্যারিংটনে গিয়ে ছবি তুলেছিলেন রোনালদো-রুনিদের সঙ্গে। ইউনাইটেডও তাঁকে ‘বোল্ট’ নাম লেখা ক্লাবের জার্সি উপহার দিয়েছিল। জার্সি নম্বরটা ছিল ৯.৫৮!
প্রিয় ক্লাবে খেলার ইচ্ছার কথা আরও একবার জানালেন বোল্ট। এবার আরেক ধাপ এগিয়ে গেছে তাঁর স্বপ্ন—ট্রায়াল দিয়ে ইউনাইটেডের মূল দলে খেলবেন। ম্যানচেস্টার ইউনাইটেড টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ছটি অলিম্পিক সোনাজয়ী স্প্রিন্টার বললেন, ‘মনে মনে ভাবছি একটা ট্রায়াল দিয়ে আসব। দেখব ওরা কী বলে। হয়তো বলবে “ঠিক আছে, দলে যোগ দাও। ” নতুবা বলবে “নাহ্, তুমি অত ভালো নও। ”
তবে তিনি কেন ইউনাইটেডে খেলার যোগ্য, লুই ফন গালের কাছে ‘আবেদনে’ সেটা ঠিকই তুলে ধরেছেন বোল্ট, ‘মনে হয় আমি অনেক ভালো করব। আমি ফিট, আমার গতি আছে, বলও নিয়ন্ত্রণ করতে পারি, খেলাটার সব কিছু খুব ভালোও বুঝি।’

তবে শুধু ট্রায়ালে টিকে যাওয়াই বোল্টের ইচ্ছে নয়। অ্যাথলেটিকস ট্র্যাকে অনায়াসে রেকর্ডের পর রেকর্ড ভেঙে দেওয়া যাঁর ‘শখ’, ফুটবলে তাঁর স্বপ্নের পরিধি এত ছোট হয় কী করে! ইউনাইটেডের কাছ থেকে পুরো পাঁচ বছরের চুক্তি প্রত্যাশা করছেন। ইউনাইটেড যে এমন চুক্তি তাঁর সঙ্গে করবে, এ নিয়েও কোনো সংশয় নেই। অবশ্য বোল্টের এই ইচ্ছা কৌতুক কি না এ নিয়ে সংশয় কিন্তু থেকেই যায়। ১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ডধারী স্প্রিন্টার বললেন, ‘কেন যেন মনে হচ্ছে, আমার ট্রায়াল দেখে ওরা বলবে, “এক কাজ কর। এই নাও ৫ বছরের চুক্তি। তোমার বয়স এখন ৩০। চুক্তিটাও পাঁচ বছরের। তাহলে সব পাকাপাকি হয়ে যাক! ”
বোল্টের স্বপ্ন যদি বাস্তব হয়, তাহলে সেটি ফুটবলামোদীদের জন্য কেমন ‘স্বপ্নালু’ হবে চিন্তা করুণ তো। বাকি সব পরের ব্যাপার, শুধু এই দৃশ্যটা কল্পনা করুণ-‘ওল্ড ট্রাফোর্ডের ভরা গ্যালারিতে উইং ধরে বল নিয়ে ছুটছেন বোল্ট। একের পর এক ডিফেন্ডারকে পরাস্ত করে গিয়ে গোলও করলেন। এরপর তিরন্দাজের ভঙ্গিতে সেই উদযাপন!’ ভাবতেই একটা একটা শিহরণ জাগছে না!
তথ্যসূত্র: ম্যানচেস্টার ইভনিং নিউজ।