ইউনাইটেডের অধিনায়ক রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড অধিনায়কের বাহুবন্ধনী উঠল রুনির হাতেই। ছবি: রয়টার্স
ইউনাইটেড অধিনায়কের বাহুবন্ধনী উঠল রুনির হাতেই। ছবি: রয়টার্স

গত মৌসুম শেষে নেমানিয়া ভিদিচ ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ইন্টার মিলানে পাড়ি জমানোর পর অধিনায়ক পদ শূন্যই ছিল ‘রেড ডেভিল’দের। মৌসুম শুরুর আগে তাই নতুন অধিনায়ক খোঁজা জরুরি হয়ে পড়ে ইংলিশ পরাশক্তির। এ ক্ষেত্রে সম্ভাব্য অধিনায়ক হিসেবে ওয়েইন রুনির নামই শোনা যাচ্ছিল। অবশেষে গুঞ্জনটাই সত্যি হলো।

ইউনাইটেড ফরোয়ার্ড নিজেও কদিন আগে বলেছিলেন, ‘অবশ্যই আমি অধিনায়ক হতে চাই। তবে এ সিদ্ধান্তটা কোচের।’ কোচ লুই ফন গালের সিদ্ধান্ত—রুনিই হবেন রেড ডেভিলদের অধিনায়ক। ক্লাবের এক বিবৃতিতে ফন গাল বললেন, ‘অধিনায়ক নির্বাচন আমার জন্য সব সময়ই গুরুত্বপূর্ণ। সবকিছু করতে পারার বিরাট মনোভাব ওর রয়েছে। তার পেশাদারিত্ব, অনুশীলন ও আমার দর্শনের প্রতি তার আনুগত্য আমাকে মুগ্ধ করেছে। দলের তরুণ সদস্যদের জন্য সে অনেক বড় প্রেরণা। বিশ্বাস করি, অধিনায়কের ভূমিকায় মন-প্রাণ উজাড় করে দেবে।’

রুনি বললেন, ‘এত বড় এই ক্লাবের অধিনায়ক হওয়া আমার ও আমার পরিবারের জন্য অনেক বড় সম্মানের।’ স্টিভেন জেরার্ড অবসর নেওয়ায় হয়তো ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক হওয়ারও সম্ভাবনা রয়েছে রুনির। অন্যদিকে সহ-অধিনায়ক হিসেবে ফন গাল বেছে নিয়েছেন ড্যারেন ফ্লেচারকে। দারুণ উচ্ছ্বসিত স্কটিশ এ মিডফিল্ডার বললেন, ‘সহ-অধিনায়ক হিসেবে আমার নাম ঘোষণা হওয়ায় ভীষণ খুশি। আমার ও আমার পরিবারের জন্য এটি গর্বের ব্যাপার। এএফপি।