প্যাট্রিস এভরার দিনকাল নাকি ভালো যাচ্ছে না। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় তিনি। কিন্তু তিনি এখনো সাবেক ক্লাবের সমর্থক হিসেবেই খেলা দেখেন। টিভিতে বিশ্লেষণী মতামতও দেন। কিন্তু ইউনাইটেড যেভাবে খেলছে, তাঁর পক্ষে আর পেশাদার মনোভাব নিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না।
ক্লাব যেভাবে চলছে, সেটা নিয়ে অসন্তুষ্টির কথা এর আগেও জানিয়েছেন ফ্রেঞ্চ ডিফেন্ডার। কাল টটেনহামের কাছে ঘরের মাঠে ৬-১ গোলে উড়ে যাওয়ার পর আর মাথা ঠান্ডা রাখতে পারেননি। বলেছেন, যারা ক্লাব চালাচ্ছে আর ক্লাবে যারা খেলছে তাদের নিয়ে নতুন করে ভাবতে হবে। কারণ, এ ক্লাবে এমন অনেকেই আছে যাদের ধরে ধরে চড় মারা দরকার!
জোসে মরিনিওর অধীনে ভালো খেলছিল না ইউনাইটেড। তাই তাঁকে চাকরিচ্যুত করে সাবেক খেলোয়াড় ওলে গুনার সুলশারকে দায়িত্ব দেওয়া হয়েছে। ২০১৮-১৯ মৌসুমের শেষ দেখে অবশ্য কেউ বলতে পারেননি ইউনাইটেডের উন্নতি হয়েছে। মরিনিও যে অবস্থায় ক্লাব ছেড়েছিলেন, সে অবস্থাতেই লিগ শেষ করেছিল ইউনাইটেড। তবু পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠায় চাকরি পাকা হয়েছে সুলশারের। গত মৌসুমের প্রথমভাগটাও খুবই বাজে কাটিয়েছেন। যা দেখে সাবেক ইউনাইটেড কোচ ফন গাল বলেছিলেন মরিনিওর বদলে সুলশারকে এনে খেলায় কোনো পরিবর্তনই আনেনি ক্লাব।
করোনা-বিরতি ইউনাইটেডের ভাগ্য বদলে দেয়। বিরতির পর অন্য ক্লাবগুলোর ফর্ম হারানো আর রাশফোর্ড ও ব্রুনো ফার্নান্দেজের নৈপুণ্যে লিগে তিনে চলে যায় ইউনাইটেড। কিন্তু বিশেষজ্ঞেরা বারবার সতর্ক করেছেন, এই যে সাফল্য এতে কোচের অবদান খুব কম। একটি ভালো কোচ ও তাঁর ট্যাকটিকস যদি ঠিক থাক, তাহলে মাত্র একজন খেলোয়াড় (ব্রুনো) এর অন্তর্ভুক্তি দলের খেলা এভাবে বদলে দিতে পারে না। ইউনাইটেড সাফল্য পাচ্ছে আক্রমণভাগের নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের ব্যক্তিগত নৈপুণ্যে। কিন্তু কোচের কোনো নির্দিষ্ট পরিকল্পনা না থাকলে এভাবে টানা ভালো করা সম্ভব নয়।
ইউনাইটেডের খেলার এ দিকটা কাল উন্মুক্ত হয়ে গেছে। ম্যাচের প্রথমার্ধেই একজন (মার্শিয়াল) লাল কার্ড দেখেছেন, কিন্তু তাদের এমন পারফরম্যান্সের পেছনে এটা কোনো অজুহাত ছিল না। ১০ জন খেলোয়াড় নিয়েও যে দাপট নিয়ে খেলা যায় সেটা বার্সেলোনা দেখিয়েছে গত সপ্তাহে। প্রথমার্ধে লংলে লাল কার্ড দেখার পরও সেলতা ভিগোর মাঠে ৩-০ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে রোনাল্ড কোমানের দল। কিন্তু কাল ইউনাইটেডের খেলায় একজনের ঘাটতি পুষিয়ে দেওয়ার মতো কোনো পরিকল্পনার ছাপ ছিল না। জোসে মরিনিওর মতো কোচ এ সুযোগটাই কাজে লাগিয়েছেন।
কিন্তু ইউনাইটেডের সাবেক সব ফুটবলারের মতোই সুলশারের ভুল এখনো খুঁজে পাচ্ছেন না এভরা। মাঠের এমন পারফরম্যান্সের পেছনে কোচ ছাড়া আর সবার ভুলই খুঁজে পাচ্ছেন না, ‘সত্যি বলছি, ম্যানেজারের জন্য মন খারাপ হয় আমার। এর পর (৬-১) আমরা ম্যানেজার নিয়ে কথা বলব, কে পরবর্তী কোচ হবেন তা নিয়ে কথা বলত। কিন্তু বোর্ডের বিষয়টা? ফার্গুসন যাওয়ার পর সব ম্যানেজারই তো বরখাস্ত হলো। তাহলে সমাধানটা কী? প্রতি বছরই এমন হয়। ওলে কি এ কাজটার জন্য আদর্শ? হয়তো না, হয়তো হ্যাঁ। কিন্তু আমরা যা জানি না সেটা হলো দলবদলের বিষয়গুলো। আমরা জানি না সে আসলে হাতের পুতুল নাকি! কারণ আমরা সাঞ্চোর (জাডন) মতো খেলোয়াড়কে পাই না, সঠিক দামে পাই না। আমি যদি কোনো গাড়ি কিনতে চাই, সেটার দাম জানা থাকে আমার। কিন্তু আমার ক্লাব কি জানে? কী হচ্ছে? আমি খুবই আবেগী। আমাকে হতাশ করা কঠিন। আমি ইতিবাচক মানুষ। আমি মারামারি পছন্দ করি না, কিন্তু অনেক লোকেরই এখন চড় খাওয়া জরুরি। আমি হলে এটাই করতাম এখন।’
আবেগের কারণে নিজের বর্তমান চাকরি হারাতেও রাজি এভরা। ইউনাইটেড যেভাবে খেলছে তাঁর পক্ষে আর স্কাই স্পোর্টসে বিশ্লেষণের চাকরি করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কাল বলেই দিয়েছেন, ইউনাইটেডের ম্যাচের সময় যেন তাঁকে দায়িত্ব দেওয়া না হয়! টটেনহামের সঙ্গে ৬ গোল খাওয়ার পর কেমন লেগেছে সেটা জানিয়েছেন অনন্য এক উপায়ে, ‘অ্যালেক্সি সানচেজ বলেছিল, ইউনাইটেডে যোগ দিয়ে প্রথম ট্রেনিং শেষেই চুক্তিপত্র ছিঁড়ে ফেলতে ইচ্ছে হয়েছিল। আমিও স্কাইকে সেটা করতে বলব, বলব আমার চুক্তিটা ছিঁড়ে ফেলুন।। আমি আবেগী এবং আমার ক্লাবকে ভালোবাসি। কিন্তু এটা লজ্জার। গ্যারি নেভিলকে বলতে শুনি ম্যাগুয়ারের ছুটি দরকার। সব সময় বলি ওর সঙ্গে ভালো একজন দরকার। কিন্তু ওকে বাদ দেওয়ার ব্যাপারে কিছু বলি না কেন?’