ইউনাইটেডের এ কী হার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরাজয়ের পর মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন হতাশ ক্যারিকরা। ছবি: এএফপি
পরাজয়ের পর মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন হতাশ ক্যারিকরা। ছবি: এএফপি

চট করে পড়তে গেলে খটমট নামটা উচ্চারণ করতেই দাঁত ভেঙে যেতে পারে। এফসি মিডজিল্যান্ডের নামটা যখন ঠিকঠাক পড়তে পারবেন, এরপর আরও চমক। গুগল আপনাকে জানাবে, ক্লাবটার বয়স মাত্র ১৭ বছর। আরেকটু খোঁজখবর করলে হয়তো জানতে পারবেন, কালকের আগে দুই মাস তারা মাঠেই নামেনি। তার ওপর সর্বশেষ দশ ম্যাচের নয়টিতেই হেরেছে। ডেনমার্কের ক্লাব মিডজিল্যান্ডের কাছেই কাল ইউরোপা লিগে শেষ ৩২-এর প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেড হেরে গেল ২-১ গোলে!

মিডজিল্যান্ড আসলে কেমন মানের ক্লাব সেটা আর কয়েকটা পরিসংখ্যানে তাকালে হয়তো বুঝতে সুবিধা হবে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এ নিয়ে নিজেদের মাঠে তৃতীয়বার এক ম্যাচে দুইয়ের বেশি গোল করতে পারল তারা। এর আগে যে দুইটি দলের সঙ্গে গোল করেছিল, ওয়েলশের সেই দুইটি ক্লাব ব্যাঙ্গোর এফসি ও নিউ সেইন্টস এফসির নাম হয়তো আপনি শোনেনইনি। নিউ সেইন্টস তাও পেশাদার ফুটবল খেলে, ওয়েলশের শীর্ষ লিগেও অনেক দিন ধরেই খেলছে। ব্যাঙ্গোর এফসি তো আধা পেশাদার দল।
গ্রুপ পর্বেই ইতালির নাপোলির কাছে দুই লেগ মিলে ৯-১ গোলে হেরে গিয়েছিল মিডজিল্যান্ড। এমন একটা ক্লাবের কাছে এত দীর্ঘ ইতিহাস আর সমৃদ্ধ ঐতিহ্যের একটি ক্লাব এভাবে হেরে গেল! এরপরও ইউনাইটেড কোচ লুই ফন গাল​ যে মুখ দেখাতে পারছেন, সেটাও তো বিস্ময়ের।
অঘটন যে কিছু একটা হতে পারে, ম্যাচের আগেই সেটার আভাস মিলেছিল। ম্যাচ শুরুর ঠিক আগে অনুশীলনে হঠাৎ হাঁটুতে চোট পান ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া, শেষ মুহূর্তে নামতে হয় সার্জিও রোমেরোকে। ইউনাইটেডের নিয়মিত একাদশের অনেকেই ছিলেন না, তরুণ ম্যাকনয়্যার-লাভরা সুযোগ পেয়েছেন। কিন্তু তুলনামূলক অভিজ্ঞ ক্যারিক, মাতারাই বেশি হতাশ করেছেন। ম্যাচের বেশির ভাগ সময়ই মধ্যমাঠে ইউনাইটেডকে খুঁজেই পাওয়া যায়নি। মেম্ফিস ডিপাইয়ের ৩৭ মিনিটের গোলে ইউনাইটেডই এগিয়ে গিয়েছিল। কিন্তু ৪৪ ও ৭৭ মিনিটে পিওনে সিসতো ও পল ওনুয়াচোর গোলে স্মরণীয় এক জয় পায় মিডজিল্যান্ড।
ফন গালের পায়ের নিচের মাটিটা এমনিতেই সরে যেতে শুরু করেছিল। এই হারের পর আবার জোরেশোরেই ফন গালের ভবিষ্যৎ​ নিয়ে প্রশ্ন উঠে গেছে। যে ৮০০ ইউনাইটেড সমর্থক ইংল্যান্ড থেকে ডেনমার্কে উড়ে এসেছিলেন, তারাও পুরো সময় দুয়ো দিয়ে গেছেন দলকে। ফন গাল সেটা নিয়ে কোনো অনুযোগ করলেন না, ‘সমর্থকেরা সমালোচনা করতেই পারে। দ্বিতীয়ার্ধে আমরা যেমন খেলেছি, তাতে সেই অধিকার তাদের আছে।’
এখনো অবশ্য সুযোগ শেষ হয়ে যায়নি ইউনাইটেডের, তবে সে জন্য ওল্ড ট্রাফোর্ডে পরের লেগটা জিততে হবে। সেটা জিতলেও এই ‘কলঙ্ক’ এত সহজে সমর্থকেরা ভুলবেন বলে মনে হয় না।