ইউনাইটেডের কোচ মরিনহো
এ খবরে চমকের কিছু নেই। বরং চমক হতে পারে এটি—খবর আসতে এত দেরি কেন হলো!
লুই ফন গাল চলে যাওয়ার অনেক আগে থেকেই ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়ে রেখেছিল, ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হচ্ছেন হোসে মরিনহো। এই প্রতিবেদন লেখার সময়ও ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বিশ্বাসযোগ্য সূত্রের ভিত্তিতে স্কাই স্পোর্টস নিশ্চিত করেছে, গতকাল ইউনাইটেডের কোচ হিসেবে চুক্তিতে সই করেছেন মরিনহো।
যুক্তরাজ্যের সময় গতকাল বিকেল পাঁচটার দিকে সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে চুক্তিতে সই করেছেন ৫৩ বছর বয়সী পর্তুগিজ কোচ। ইউনাইটেডের প্রধান নির্বাহী এড উডওয়ার্ডসের সঙ্গে সাক্ষাৎ শেষে হাতে কাগজপত্র নিয়ে বাসায় ফিরেছেন মরিনহো।
গত ডিসেম্বরে চেলসি থেকে বিদায় নেওয়ার পর থেকেই ইউনাইটেডের সঙ্গে জুড়ে ছিল তাঁর নাম। চার দিন আগে ফন গালকে বরখাস্ত করার পর নতুন কোচ হিসেবে অবশেষে মরিনহোকেই নিয়োগ দিল ইউনাইটেড। স্কাই স্পোর্টস।