ইউনাইটেডের ঘুরে দাঁড়ানোর শিরোপা

তবে কি নিজেদের ফিরে পেতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড? অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর গত মৌসুমটা রেড ডেভিলদের জন্য ছিল ভয়াবহ এক অভিজ্ঞতা। ডেভিড ময়েসের অধীনে অন্যতম সেরা এই ইংলিশ ক্লাবের অবস্থান ছিল লিগ তালিকার একেবারে তলানিতে। তবে নতুন ডাচ কোচ লুই ফন গাল দায়িত্ব পাওয়ার পর থেকে যেন খারাপ সময় পেরিয়ে আসার ইঙ্গিত মিলছে। মিয়ামিতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ফাইনালে রুনি, মাতা ও লিনগার্ডের গোলে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ইউনাইটেড।
প্রাক-মৌসুম প্রীতি টুর্নামেন্টের তিনটি ম্যাচের দুটিতে জয় ও একটি ড্র দিয়ে ফাইনালে উঠেছিল ইউনাইটেড। এরপর ‘অল রেড’দের বিপক্ষে দুর্দান্ত এক জয়। চনমনে আত্মবিশ্বাস নিয়েই মৌসুম শুরু করবেন ফন গালের ছাত্ররা।
৫১ হাজার দর্শকে ঠাসা মিয়ামির সান লাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের শুরুতেই এগিয়ে গিয়েছিল লিভারপুল। ১৪ মিনিটে ডি বক্সের ভেতর রাহিম স্টার্লিংকে আটকাতে গিয়ে ফাউল করে বসেন ইউনাইটেড ডিফেন্ডার ফিল জোনস। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ড। রেড ডেভিলদের প্রথমার্ধ শেষ করতে হয় ১-০ গোলে পিছিয়ে থেকেই।
মনে রাখতে হবে, ইউনাইটেডের কোচ এখন ফন গাল—বিশ্বকাপে যিনি পরিচিতি পেয়েছিলেন সেরা ট্যাকটিশিয়ান হিসেবে। দ্বিতীয়ার্ধেই ম্যাচ পাল্টে গেল ভোজবাজির মতো। ৫৫-৫৭—২ মিনিটে ম্যাচের চেহারা পাল্টে দিলেন ওয়েইন রুনি ও হুয়ান মাতা। ৫৫ মিনিটে হাভিয়ের হার্নান্দেজের অসাধারণ এক ক্রসে দারুণ এক গোল করেন রুনি। দুই মিনিট পর বক্সের ভেতর মাতার দুর্দান্ত এক গোল। ম্যাচের শেষ মুহূর্তে বদলি নামা জেসে লিনগার্ডের অসাধারণ ভলিতে আবারও বল লিভারপুলের জালে! স্কোর লাইন ইউনাইটেড ৩-১ লিভারপুল।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত রুনি বললেন, ‘ম্যাচ ও টুর্নামেন্ট জেতা অবশ্যই দারুণ এক ব্যাপার। প্রাক-মৌসুমে আমরা কঠোর পরিশ্রম করেছি। প্রথমার্ধে লিভারপুল দারুণ খেলেছে। আমরা খারাপ খেলেছি। বল নিয়ে দ্রুত আক্রমণে যেতে পারছিলাম না। জানতাম, ভুল শুধরে নিতে হবে। দ্বিতীয়ার্ধে সেটা আমরা পেরেছি এবং দারুণ খেলেছি। এ জয় আমাদের পাওনা।’ সূত্র: এএফপি, রয়টার্স ও ফক্সস্পোর্টস।