ইউনাইটেডের জয়ে ফন গালের স্বস্তি
‘হারলেই চাকরি নেই’—এমনটা শুনতে শুনতে ডাগআউটে বসেন লুই ফন গাল। এই চাপের মধ্যে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড কোচকে কয়েকটা দিনের জন্য স্বস্তি দিলেন ওয়েইন রুনি-হুয়ান মাতারা। এফএ কাপের চতুর্থ রাউন্ডে পরশু তাঁরা ৩-১ গোলে হারিয়েছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব ডার্বিকে। দ্বিতীয় স্তরে খেলা ডার্বির কাছে হারলে হয়তো জীবন দুঃসহ হয়ে যেত ৬৪ বছর বয়সী ইউনাইটেড কোচের!
সেটি হতে দিলেন না রুনি-মাতারা। প্রথমার্ধের ১৬ মিনিটেই বক্সের বাঁ প্রান্ত থেকে দুর্দান্ত বাঁকানো শটে গোল করে ইউনাইটেডকে এগিয়ে দিয়েছিলেন হঠাৎ করেই নিজেকে খুঁজে পাওয়া রুনি। নতুন বছরে এ নিয়ে তিনটি অ্যাওয়ে ম্যাচে গোল করলেন ইংলিশ স্ট্রাইকার, ২০১৫ সালে যা করতে পুরো বছর লেগেছিল। তবে রুনির গোলের আনন্দটা খুব বেশিক্ষণ টেকেনি। প্রথমার্ধ শেষ হওয়ার ৮ মিনিট আগে ডার্বিকে সমতায় নিয়ে আসেন মিডফিল্ডার জর্জ থর্ন।
ইউনাইটেড সমর্থকদের হয়তো একটু ভয় ঘিরে ধরেছিল এ সময়। এর আগে ফন গালের ইউনাইটেডকে টানা দুই বছর লিগ কাপ থেকে এমকে ডনস আর মিডলসব্রোর মতো ক্লাব বিদায় দিয়েছে। তবে কাল এফএ কাপে আর সেটি হয়নি। দ্বিতীয়ার্ধে দলীয় সমন্বয়ে দুটি গোল করে ডার্বির মাঠ থেকে জয় নিয়ে বেরিয়ে এসেছে ইউনাইটেড। ৬৫ মিনিটে ডেলি ব্লিন্ড দ্বিতীয়, নির্ধারিত সময়ের সাত মিনিট আগে তৃতীয় গোলটি করেছেন হুয়ান মাতা। ইএসপিএন।