ইউনাইটেডের ত্রাতা রাশফোর্ড, রিয়ালের ক্রুস

জয়ের আশা ততক্ষণে প্রায় ছেড়েই দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেরা। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে তখন চলছে যোগ হওয়া সময়ের খেলা। ওই সময়ই হাল সিটির কপাল পোড়ালেন ১৮ বছর বয়সী এক তরুণ—মার্কাস রাশফোর্ড। ৯২ মিনিটে তাঁর গোলেই ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
এদিকে লা লিগায় ঘরের মাঠে নিজেদের প্রথম জয়টি তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে কাল সেল্টা ভিগোর বিপক্ষে রিয়াল জয় পেয়েছে ২-১ গোলে।
কোচ হোসে মরিনহোর আস্থা ছিল রাশফোর্ডের ওপর। ম্যাচের ৭২ মিনিটে হুয়ান মাতার জায়গায় তাঁকে নামিয়েছিলেন তিনি। রাশফোর্ড প্রতিদান দিয়েছেন দলকে জিতিয়ে। কমিউনিটি শিল্ডের ফাইনালে লেস্টার সিটির বিপক্ষে জয়েও রাশফোর্ডের বড় ভূমিকা ছিল। ইংলিশ এই ফরোয়ার্ডে মুগ্ধ তাঁর কোচ মরিনহোও, ‘দুটো ম্যাচেই সে নিজেকে প্রমাণ করে দেখাল—কমিউনিটি শিল্ডে লেস্টারের বিপক্ষে আর আজ হাল সিটির বিপক্ষে।’
রাশফোর্ডের সঙ্গে জ্লাতান ইব্রাহিমোভিচের জুটিটাও দারুণ বলে মনে করছেন মরিনহো, ‘আমাদের এক নম্বর স্ট্রাইকার জ্লাতান খুব ভালো। আমরা তাঁর একজন সঙ্গী খুঁজে পেয়েছি রাশফোর্ডের মধ্যে। এই ছেলেটি এই মৌসুমে অনেক ম্যাচ খেলার সুযোগ পাবে—এটা বলে রাখছি।’
ওদিকে বার্নাব্যুতে ম্যাচের ৬০ মিনিটের মাথায় আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় রিয়াল। ৬৭ মিনিটে সেই গোল শোধ করেন সেল্টার ফ্যাবিয়ান ওরেল্লানা। পয়েন্ট ভাগাভাগির শঙ্কা যখন রিয়ালকে পেয়ে বসেছে, ঠিক তখনই (ম্যাচের ৮১ মিনিটে) হামেস রদ্রিগেজের পাস থেকে দারুণ প্লেসিং শটে রিয়ালকে ২-১ গোলে এগিয়ে দেন টনি ক্রুস।

যতটা ভেবেছিলেন, ম্যাচটা যে তারচেয়েও কঠিন হয়েছে, সেটা স্বীকার করেছেন রিয়াল কোচ জিনেদিন জিদান, ‘সেল্টাকে যেমন ভেবেছিলাম, দলটি তার চেয়েও শক্তিশালী, বিশেষ করে আক্রমণে। ম্যাচে বেশ কয়েকবার তারা আমাদের জন্য সমস্যা তৈরি করেছিল। এটা অবশ্য স্বাভাবিকই। কোনো জয়ই সহজ নয়।’
রিয়াল জয়ের দেখা পেলেও আটকে গেছে মাদ্রিদের আরেক পরাশক্তি অ্যাটলেটিকো। লা লিগায় এবারই প্রথম উঠে আসা লেগানেসের সঙ্গে গোলশূন্য ড্রটা তাদের জন্য এসেছে বড় এক ধাক্কা হয়েই। সূত্র: রয়টার্স।