ইউনাইটেডের দিকে চেলসি কোচ ল্যাম্পার্ডের তোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের আগেই ইউনাইটেডের বিপক্ষে অভিযোগ দিয়ে রাখলেন ল্যাম্পার্ড। ছবি: এএফপি
ম্যাচের আগেই ইউনাইটেডের বিপক্ষে অভিযোগ দিয়ে রাখলেন ল্যাম্পার্ড। ছবি: এএফপি
>গত কয়েক সপ্তাহে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিজেদের পক্ষে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এটা দেখে বিরক্ত লাগছে ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপ সেমিফাইনাল খেলতে যাওয়া চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের

আগামীকাল রাত এগারোটায় এফএ কাপের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। কিন্তু ম্যাচের আগেই একটা ব্যাপারে বেশ চিন্তায় পড়ে গিয়েছেন চেলসির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। যে হারে নিজেদের পক্ষে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) এর সুবিধা পাচ্ছে ইউনাইটেড, তা সেমিফাইনালের ফলাফলে কতটুকু প্রভাব ফেলবে, তা নিয়ে চিন্তায় পড়ে গেছেন এই কোচ।

লিগে ইউনাইটেডের অবস্থা যে বিশেষ ভালো, তা কিন্তু নয়। তাও গত কয়েক সপ্তাহে ভিএআরের বেশ কিছু সিদ্ধান্ত তাদের পক্ষে গিয়েছে। গত ম্যাচটার কথাই যেমন ধরুন। ইউনাইটেডের বিপক্ষে সেদিন খেলতে নেমেছিল ক্রিস্টাল প্যালেস। প্যালেসের স্ট্রাইকার জর্ডান আইয়ু সূক্ষাতিসূক্ষ ব্যবধানে এগিয়ে থাকার কারণে গোল করেও অফসাইডের কারণে বাতিল হয়েছে। ওদিকে উইঙ্গার উইলফ্রায়েড জাহাকে ডি-বক্সে ফেলে দেওয়া হলেও ইউনাইটেডের বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজানো হয়নি। ফলে খেপে গিয়েছিলেন প্যালেসের সভাপতি স্টিভ প্যারিশ। টুইটারে নিজের ক্ষোভ ঝেড়েছিলেন এই বলে, 'ভিএআর বলে কি কিছু আছে আদৌ?'

শুধু তাই নয়, অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটায় ডি-বক্সের মধ্যে টাল সামলাতে না পেরে ব্রুনো ফার্নান্দেস একজন ডিফেন্ডারের পায়ের ওপর পা দিয়ে উল্টো নিজেই পড়ে যান। ভিলা সুবিধা পাবে কী, উল্টো ইউনাইটেডকেই পেনাল্টি দেওয়া হয়। গত ফেব্রুয়ারিতে চেলসিকে তাদের মাঠেই ২-০ গোলে হারিয়েছিল ইউনাইটেড। সেখানেও ছিল ভিএআর বিতর্ক। সেদিন কার্ট জুমার একটা গোল অন্যায়ভাবে বাতিল করা হয়েছে বলে ক্ষোভ জানিয়েছিলেন ল্যাম্পার্ড। সঙ্গে ইউনাইটেডের সেন্টারব্যাক হ্যারি ম্যাগুয়ারকেও লাল কার্ড দেওয়া হয়নি বলে মনে হয়েছিল তাঁর কাছে। সব মিলিয়ে এফএ কাপের সেমিফাইনালের আগেও ল্যাম্পার্ডের মনে হচ্ছে, রেফারির এসব 'সুবিধা' ইউনাইটেড পেতেই থাকবে, 'আগে লোকে বলত বড় ক্লাবে সমর্থকদের একটা চাপ থাকে দেখে বড় ক্লাবের পক্ষে অনেক সময় রেফারির সিদ্ধান্ত যায়। কিন্তু এখন আর সে দিন নেই। এখন ভিএআর চলে এসেছে, সঠিক সিদ্ধান্ত দেওয়ার জন্য। তবে এটাও সত্যি কথা, এতকিছুর পরেও ভিএআরের একটা মানবিক দিক রয়েছে, তাঁদেরও একটা সিদ্ধান্ত নিতে হয়।'

'তবে দ্বিধার সৃষ্টি করেছে এখনকার বেশ কিছু সিদ্ধান্ত, বিশেষ করে বৃহস্পতিবার রাতেই যেমন হয়েছে, একটা খুবই পরিষ্কার ও স্পষ্ট ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পরে যা রিভিউ করে পরিবর্তন করা হয়নি। এরকম বেশ কয়েকবার হয়েছে এবং এটা বেশ বিচিত্র। আমার মনে হয় ভিএআর এমন একটা জিনিস যা সবার বিচারের ন্যায্যতা নিশ্চিত করে। কিছু সিদ্ধান্ত নিজের পক্ষে আসবে, কিছু বিপক্ষে যাবে, এটাই স্বাভাবিক। তবে এখন একটা পর্যায় যাচ্ছে, যেখানে মনে হচ্ছে ইউনাইটেডই বেশ কিছু সিদ্ধান্ত টানা নিজেদের পক্ষে পেয়ে যাচ্ছে। আমি খুশি হব যদি সেমিফাইনালে ভিএআর কিছু সিদ্ধান্ত নিজেদের পক্ষে পাই।'

এর আগে ভিলার বিপক্ষে ব্রুনো ফার্নান্দেসের পেনাল্টি নিয়েও বিরক্তি প্রকাশ করেছিলেন ল্যাম্পার্ড। লিগ পুনরায় শুরু হওয়ার পর এ নিয়ে ইউনাইটেড তিনটি পেনাল্টি পেয়েছে, যে দেখে ল্যাম্পার্ডের মনে হয়েছে ইউনাইটেডের দ্রুতগতির আক্রমণের বিপক্ষে নিজেদের ডিফেন্ডারদের সতর্ক থাকতে হবে। তাঁরা যেন দ্রুতগতির আক্রমণের বিপক্ষে মাটিতে পড়ে না যায়, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে, 'ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ডরা যেমন দ্রুতগতির, তাদের সঙ্গে তাল মেলাতে গিয়ে আমরা যেন পড়ে না যাই, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।'

ল্যাম্পার্ডের কথাগুলো ইউনাইটেড শিবিরে 'আগুন' ধরিয়ে না দিলেই হয়!