ইউনাইটেডের দুশ্চিন্তা মরিনহো

সংবাদ সম্মেলনে আসার কথা ছিল হোসে মরিনহোর। কিন্তু পরশু ওল্ড ট্রাফোর্ডে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে যে ভদ্রলোক সংবাদমাধ্যমের সামনে এলেন, তাঁকে ‘মরিনহো’ মনে হওয়ার কোনো কারণ নেই! তাহলে কে সেই ভদ্রলোক? ইউনাইটেডের সহকারী কোচ রুই ফারিয়া।
মরিনহোর আসলে আসার উপায়ই ছিল না। ম্যাচের প্রথমার্ধেই লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয়েছে। আর কোচ না থাকলে যা হয়, তাঁর দায়িত্বটা তখন সহকারীর কাঁধে চাপে। অবশ্য ফারিয়ার জন্যও এটা নতুন কোনো দায়িত্ব নয়। সর্বশেষ এক মাসের মধ্যেই দুবার লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হলো মরিনহোকে! একটা তো পরশু রাতে, এর আগের লাল কার্ডটা গত ২৯ অক্টোবর ঘরের মাঠে বার্নলির বিপক্ষে লিগের ম্যাচে।
প্রিমিয়ার লিগে এ মৌসুমে এখন পর্যন্ত কোনো খেলোয়াড় দুটি লাল কার্ড দেখেননি। পুরো মৌসুমেই একজন খেলোয়াড়ের সরাসরি দুটি লাল কার্ড দেখার ঘটনা খুব বেশি ঘটে না। কিন্তু অন্যরা যেটা পারেন না, সেটা তিনি অবলীলায় করতে পারেন বলেই না তাঁর নাম মরিনহো!
ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচের ২৭ মিনিটে পল পগবা ডাইভ দিয়েছেন সিদ্ধান্তে পৌঁছে রেফারি তাঁকে হলুদ কার্ড দেখানোর পর নিজের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারেননি ইউনাইটেড কোচ। পানির বোতলে সজোরে লাথি মারেন, আর তাতেই ডাগআউট ছাড়ার শাস্তি পেতে হয় হয় তাঁকে। ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়েছে ১-১ গোলে।
১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে আপাতত ষষ্ঠ স্থানে ইউনাইটেড। ১৯৯০-৯১ মৌসুমের পর আর কখনো লিগের এই পর্যায়ে এসে এত বাজে অবস্থা ছিল না ইউনাইটেডের। ওই মৌসুমে অবশ্য ১৩ ম্যাচ শেষে ২১ পয়েন্ট পেয়েছিল ইউনাইটেড, তবে আর্সেনালের বিপক্ষে ম্যাচে দুই দলের খেলোয়াড়দের হাতাহাতির পর ১ পয়েন্ট কাটা পড়েছিল ইউনাইটেডের। আর্সেনালের কাটা পড়েছিল ২ পয়েন্ট।
লিগের মাত্র এক-তৃতীয়াংশ শেষ হয়েছে। আপাতত তাই ইউনাইটেডের যতটা পয়েন্ট তালিকায় অবস্থান নিয়ে দুশ্চিন্তা, তার চেয়ে অনেক বেশি তাদের কোচের অনিয়ন্ত্রিত আচরণ নিয়ে। সহকারী কোচ ফারিয়া অবশ্য এ নিয়ে খুব বেশি কিছু বলতে চাইলেন না, ‘রেফারি পুরো বিষয়টা হোসের (মরিনহোর) কাছে ব্যাখ্যা করেছেন। আমার আর এটা নিয়ে বেশি কিছু বলার নেই। আমার মনে হয় পগবাকে হলুদ কার্ড দেখানোর পর হোসে হতাশা চেপে রাখতে পারেনি। ফাউলের সিদ্ধান্ত আসার কথা ছিল আমাদের পক্ষে, অথচ রেফারি দিলেন উল্টোটা।’
কাল যে রেফারি মরিনহোকে লাল কার্ড দেখিয়েছেন, সেই জন মসের সঙ্গে ইউনাইটেড কোচের পুরোনো ‘ইতিহাস’ও আছে। গত বছর নভেম্বরে চেলসি কোচ থাকার সময় এই মসই লাল কার্ড দেখিয়েছিলেন মরিনহোকে। সেদিনও চেলসির প্রতিপক্ষ ছিল ওয়েস্ট হাম!
মাঝে গত মাসে লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগেই রেফারিকে নিয়ে অপ্রীতিকর কথা বলার জন্য ইংলিশ এফএ ৫০ হাজার পাউন্ড জরিমানা করেছে মরিনহোকে। বার্নলির বিপক্ষে লাল কার্ড দেখার পরও জরিমানা গুনেছেন ৮ হাজার পাউন্ড। এএফপি।