ইউনাইটেডের পিণ্ডি জুভেন্টাসের ঘাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেড হাঁফ ছেড়ে বাঁচতে পারে। পল পগবার বিশ্ব রেকর্ড গড়া দলবদল নিয়ে ফিফা যে তদন্ত শুরু করেছিল, সেটিতে ইংলিশ ক্লাবটির দিক থেকে কোনো গরমিল খুঁজে পাওয়া যায়নি। তবে ইউনাইটেডের দুশ্চিন্তাই এখন চাপছে জুভেন্টাসের কাঁধে। ওই একই দলবদল নিয়ে জুভেন্টাসের দিক থেকে কোনো গড়বড় হয়েছে কি না, সেটিই এখন তদন্ত করবে ফিফা!

দলবদলের বিশ্ব রেকর্ড ১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বড় সাধ করে গত মৌসুমে জুভেন্টাস থেকে পগবাকে নিয়ে আসে ইউনাইটেড। তবে কিছুদিন পরই জানা যায়, দলবদলে লাভের গুড়টা বেশি খেয়েছেন আসলে পগবার এজেন্ট মিনো রাইওলা। ফুটবল লিকসের তথ্য দিয়ে মিডিয়াপার্ট নামে ফ্রান্সের একটি ওয়েবসাইট গত মে মাসে প্রতিবেদন প্রকাশ করে, পগবার জন্য ইউনাইটেডের আসলে খরচ হয়েছে ১২৭ মিলিয়ন ইউরো। যার মধ্যে জুভেন্টাস পেয়েছে ৭৮ মিলিয়ন, বাকি ৪৯ মিলিয়ন ইউরোই গেছে রাইওলার পকেটে। এমনকি ইউনাইটেডকে না জানিয়ে রাইওলা নাকি এই চুক্তিতে পগবার পাশাপাশি জুভেন্টাসেরও এজেন্ট হিসেবে কাজ করেছেন।

মে মাসেই ইউনাইটেডের গরমিল পরীক্ষা করতে তদন্তে নামে ফিফা। সেটি থেকে হোসে মরিনহোর দল মুক্তি পাচ্ছে, তবে তদন্তটা এখন হবে জুভেন্টাসকে ঘিরে। ফিফা বিবৃতিতে লিখেছে, ‘আমরা নিশ্চিত করতে পারি জুভেন্টাস এফসির বিরুদ্ধে শৃঙ্খলা প্রক্রিয়া শুরু হচ্ছে। আরও নিশ্চিত করা যাচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে কোনো শৃঙ্খলাপ্রক্রিয়া হাতে নেওয়া হচ্ছে না।’ এএফপি।